পৃথক ঘটনায় নয় জনের প্রাণহানি

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪৩
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৯ জনের প্রাণহানি।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার বনকেশর গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে শামীম হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো মনিরা (৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার সকালে বাড়ির পাশে খেলার সময় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শামীম এলাকার কামারুজ্জামানের ছেলে। টঙ্গী (গাজীপুর) গত বৃহস্পতিবার রাতে টঙ্গীতে ছিনতাইকালে জনতার হাতে ছিনতাইকারী খান বাবু (২৮) গণপিটুনিতে নিহত হয়েছে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জামালপুর গত শুক্রবার সকালে জামালপুর সদর উপজেলায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারফত আলী (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শহরের লাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা নিহত মারফত চোখে কম দেখতেন ও কানে কম শুনতেন। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নওগাঁ নওগাঁয় নরেন্দ্রনাথ (২২) ও পপি বানু (১৮) নামে প্রেমিক যুগল বিষপানে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। নরেন্দ্রনাথ নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের নিখিল কুমারের ছেলে। পপি বানুর পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার সকালে লাশ দু’টি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মোরেলগঞ্জ (বাগেরহাট) বাগেরহাটের মোরেলগঞ্জে গত শুক্রবার গাছ থেকে পড়ে সমাজসেবা দপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুস ছালাম শেখের (৫৬) মৃত্যু হয়েছে। আমড়া পাড়তে গিয়ে পা ফসকে সীমানা প্রাচীরের ওপর পড়ে গিয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। আব্দুস ছালাম বাগেরহাট জেলার বিষ্ণুপুর গ্রামের অধিবাসী। কালকিনি (মাদারীপুর) মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম শিকারমঙ্গল গ্রামে গত শুক্রবার নির্যাতনে সনিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। কালকিনি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে। কর্তব্যরত চিকিত্সক জানান, নির্যাতনের ফলে মেয়েটির মৃত্যু হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে গত বৃহস্পতিবার গৃহবধূ মদিনা আক্তারের (২৫) গলায় ফাঁস লাগানো ঝুঁলন্ত লাশ থানা পুলিশ উদ্ধার করেছে। নিহত মদিনা আক্তারের বাবার বাড়ি একই উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি পাচানি গ্রামে। তার বাবার নাম নূরুল হক। কাপাসিয়া (গাজীপুর) গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজ হবার দুই দিন পর গতকাল শনিবার জনি গমেজ (৩৩) নামে এক বাবুর্চির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কালীগঞ্জের বাগধি গ্রামের বিজয় গমেজের ছেলে। জনি গমেজ গুলশানে একটি ফাস্ট ফুডের দোকানে বাবুর্চির কাজ করত। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।