জামায়াত-শিবিরের হামলার আশঙ্কায় রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি ছয় মাস ধরে বন্ধ রয়েছে। এতে নগরীর মাদক প্রভাবিত ৩০ নম্বর ওয়ার্ড এলাকার মির্জাপুর, চৌদ্দপাই, বুধপাড়া ও মোহনপুরে মাদকের ব্যবহারের পাশাপাশি বেড়েছে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ। জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে নগরীর মির্জাপুর পুলিশ ফাঁড়িতে এক প্লাটুন (২০ জন) পুলিশ সদস্য কর্মরত ছিলেন।
পার্শ্ববর্তী কয়েকটি মহল্লার নিরাপত্তার কাজ করতো ওই ফাঁড়ির পুলিশ সদস্যরা। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সারাদেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর লাগাতার হামলা চালায়। ওই সময় সারাদেশের মত রাজশাহী মহানগর পুলিশও জামায়াত-শিবিরের হামলার টার্গেটে পরিণত হয়।
সূত্র জানায়, সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরদিন জামায়াত-শিবিরের হামলার হুমকির মুখে পুলিশ সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে কয়েকটি পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এরমধ্যে নগরীর মির্জাপুর পুলিশ ফাঁড়ি ছিল অন্যতম। বন্ধের ছয় মাস অতিক্রান্ত হলেও পুলিশ ফাঁড়িটি এখনো চালু করা হয়নি।
