সরাইলে সাংবাদিক ও ছাত্রসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪৪
ব্রা?হ্মণবাড়িয়ার সরাইল থানায় এবার সাজানো মামলায় আসামি করা হয়েছে জাতীয় দৈনিকের স্থানীয় দুই সাংবাদিক, তিন কলেজ ছাত্র ও চার ব্যবসায়ীকে। মঙ্গলবার গভীর রাতে দায়ের করা মামলার বাদী নাসিরনগরের ডাকাত মনির খান ওরফে মইন্যা ডাকাত এর পিতা গোলাপ খান। গত ২৪ আগস্ট দৈনিক মানবজমিনে সরাইল থানার এসআই আবু বকর সিদ্দিকের নানা দুর্নীতির বিবরণ তুলে ধরে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর সোমবার ওই দারোগার পক্ষে অপরাধীরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে একটি মানববন্ধনের আয়োজন করে। ওই মানববন্ধনের নেতৃত্ব দেয় কুখ্যাত ডাকাত মনির খান ওরফে মইন্যা ডাকাত। এই মানববন্ধনে অংশ নেয় এলাকার চিহ্নিত কয়েকজন অপরাধী। এক পর্যায়ে এলাকার ছাত্র-যুবক ও ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নিতে আসা অপরাধীদের হয়ে ধাওয়া করে। এতে ক্ষিপ্ত হয়ে এ মামলা দায়ের করে। মামলায় দু’জন সাংবাদিক ছাড়াও আসামি করা হয়েছে উচালিয়াপাড়ার গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র জুয়েল মিয়া, আনিছ মিয়া, সাইফুল, জুয়েলের বড় ভাই ব্যবসায়ী হেলাল মিয়া, সজল মিয়া, মাসুম মিয়া ও রাফাত মিয়াকে। সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বিষয়টি নিষ্পত্তির পথে রয়েছে।