পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার ও শনিবার ২ দিনে হাতিয়া উপকূল এলাকায় ৪ জলদস্যু বাহিনীর প্রধানসহ ৬ জন নিহত হয়েছেন। পুলিশের সাথে বন্ধুকযুদ্ধ ও গণপিটুনিতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন— ইউনুচ (৩৮), আলতাফ (৪০), আশ্রাফ (৩৭), কেপায়েত (২৫), ছারোয়ার (৩৫) ও ওসমান (৪০)। এছাড়া তাদের সহযোগী ৫ মহিলাসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। এর ফলে হাতিয়া দ্বীপবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাতিয়া উপকূলের মেঘনায় ও নিঝুম দ্বীপের বঙ্গোপসাগরের মোহনায় দীর্ঘদিন ধরে কয়েকটি জলদস্যু বাহিনী নৌ-ডাকাতিসহ জেলেদের ওপর সীমাহীন নির্যাতন চালিয়েছে। পরবর্তী সময়ে তারা হাতিয়া উপজেলায় বুড়িরচর ইউনিয়ন, জাহাজমারা ইউনিয়ন ও নিঝুম দ্বীপ ইউনিয়নের জনবসতি এলাকায় প্রবেশ করে গণহারে বাড়ি ডাকাতি, ছিনতাই, অপহরণ, ধর্ষণ ও লুটপাট করে। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হলে জেলা পুলিশ প্রশাসন বিশেষ অভিযানের উদ্যোগ নেয়। এ অভিযান গত বুধবার থেকে শুরু হয়েছে। হাতিয়া থানার ওসি খোরশেদ আলম বলেন, এ অভিযান আরো দীর্ঘদিন চলবে।
