রাজশাহীতে মিনু-মেয়রের উপস্থিতিতে বিএনপি কার্যালয়ে ভাংচুর

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২৩:০৪
মহানগর ছাত্রদলের কর্মী সভায় দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর চালায়। দলীয় সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজশাহী সফর উপলক্ষে গতকাল শনিবার বিএনপি কার্যালয়ে মহানগর ছাত্রদল প্রস্তুতিমূলক কর্মীসভার আয়োজন করে। সভায় উপস্থিত নেতাদের নাম ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা লিঙ্কন ও শাকিলের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়ের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু এবং নবনির্বাচিত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের উপস্থিতিতেই ছাত্রদল নেতা-কর্মীরা মহানগর বিএনপির কার্যালয়ে ভাংচুর চালায়। খবর পেয়ে বেয়ালিয়া মডেল থানা পুলিশ গিয়ে বিএনপির সিনিয়র নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মইনুল হোসেন চৌধুরী শান্ত সাংবাদিকদের বলেন, যারা হামলা ও ভাংচুর করেছে তারা ছাত্রদলের কেউ নয়, বহিরাগত লোকেরা তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে।