ভালবাসার কোনো বয়স নেই! ভালবাসা থাকলে যে কোনো বয়সে এর বাজনা বেজে উঠতে পারে। তাইতো ৯৬বছর বয়সেও স্ত্রীর জন্য গান গেয়ে সবাইকে অবাক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। তবে স্ত্রীকে দেখানোর জন্য নয়। কারণ স্ত্রী মৃত!
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ইস্ট পিওরিয়ার গ্রিন শু স্টুডিওর মালিক জ্যাকব কলগান গত গ্রীষ্মে একটি গান লেখার প্রতিযোগিতার আয়োজন করে। এই গান রেকর্ডিং করে স্টুডিওর ওয়েবসাইটে আপলোড করা হবে বলেও জানানো হয়। অনেক খ্যাতনামা শিল্পীই এই প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু কলগান ৯৬ বছর বয়সী ফ্রেড স্টোবাঘের গান পছন্দ করেন। তার প্রয়াত স্ত্রী লরেনকে (৭৩) লেখা এ গানে ভালবাসার প্রকৃত মর্মার্থ ফুটে উঠেছে। লরেন গত এপ্রিলে মারা যান, জানান কলগান। তিনি বলেন, স্টোবাঘ জয়-পরাজয়ের চিন্তা করেননি! তিনি অন্তরের অন্তস্থল থেকে লিখেছেন। আর তাই তার গানটাই রেকর্ডিং করার সিদ্ধান্ত হয়েছে। -ইউপিআই
