সিরিয়ায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাসায়নিক হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি আরো বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ২১ আগস্ট রাসায়নিক অস্ত্র হামলায় সরকারি বাহিনী ১ হাজার ৪২৯ জনকে হত্যা করেছে। এদের মধ্যে রয়েছে ৪২৬ জন শিশু। পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুক্রবার এক বিবৃতিতে কেরি এ হামলাকে ‘অভাবনীয় রকম ভয়াবহ’ বলেও মন্তব্য করেন। তিনি বলেন, এ পরিস্থিতিতে চুপ করে বসে থাকা যায় না। খবর বিবিসি ও রয়টার্সের।
জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রকৃত সত্য জেনে গেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্ট থেকে রাসায়নিক হামলায় নিহতের এ পরিসংখ্যান পাওয়া গেছে এবং জাতিসংঘ তদন্ত দল এর চেয়ে নতুন আর কোনো তথ্য দিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বেশ কিছু আলামতের উল্লেখ করে বলেন, এগুলোতে হামলার পেছনে আসাদ বাহিনীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। কেরি বলেন, সিরিয়া সরকার তিনদিন আগে এ রাসায়নিক অস্ত্র হামলার প্রস্তুতি নিয়েছিল। আমরা জানি রকেট কেবল সরকার নিয়ন্ত্রিত এলাকা থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাতে গিয়েই পড়ে। বক্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ‘খুনি’ আখ্যা দেন কেরি। তবে যুক্তরাষ্ট্র সতর্কভাবেই পা ফেলবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, তার এ বক্তব্যের আগে যুক্তরাষ্ট্রের সরকার একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে।
