চলতি বছরের সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান। গতকাল মঙ্গলবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল এই তথ্য জানিয়েছেন। তবে এই বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। খবর আনন্দবাজার পত্রিকার
ফয়সাল জানান, সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের একটি মন্তব্যের উদ্ধৃতিও দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই ইমরান খান বলেছিলেন, ভারত এক পা এগোলে পাকিস্তান দুই পা এগিয়ে যাবে। প্রতি দুই বছর অন্তর সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন বা সার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারত বয়কট করায় ২০১৬ সালে কার্যত ভেস্তে গিয়েছিল সম্মেলন। শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তানও ভারতের পথে হেঁটেছিল।
