যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিক ও কর্মকর্তাদের গত বছর অনেক বিদেশি নেতা উপহার দিয়েছেন। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিদেশি নেতাদের কাছ থেকে গত বছর সবচেয়ে দামি উপহারসামগ্রী পেয়েছেন। যে উপহারের কারণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ছাড়িয়ে গেছেন তিনি। সৌদি আরবের বাদশার কাছ থেকে তিনি প্রায় পাঁচ লাখ ডলার মূল্যের উপহার পেয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ হিলারি ক্লিনটনকে গত বছর সবচেয়ে দামি উপহার দিয়েছেন। এর মধ্যে গলার হার, হাতের বালা, আংটি ও কানের দুল। সাদা-স্বর্ণে অলংকারগুলো চুনি ও হিরার কারুকার্য-মণ্ডিত। এছাড়া ব্রুনাইয়ের রানির কাছ থেকে হিলারি ৫৮ হাজার মার্কিন ডলারের স্বর্ণ, নীলকান্ত মণি ও হিরা পেয়েছেন।
প্রেসিডেন্ট ওবামা সবচেয়ে দামি উপহারটি পেয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের কাছ থেকে। তিনি ওবামাকে সোনার ঘড়ি দিয়েছেন। এই উপহারের দাম ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার।
