রাজ্যসভায় ভারতীয় প্রধানমন্ত্রীর মনমোহন সিংয়ের কয়েকটি ‘অসংসদীয়’ শব্দ (এক্সপাঞ্জ) করা হয়েছে। বিরোধীদলীয় নেতা বিজেপির এমপি অরুণ জেটলির সমালোচনার জবাব দিতে গিয়ে মনমোহন ওই শব্দগুলো ব্যবহার করেছিলেন। শুক্রবার ভারতীয় রাজ্যসভার অধিবেশনে বিরল এই ঘটনাটি ঘটে। বিজেপির অরুণ জেটলির ব্যবহূত কয়েকটি শব্দও মুছে ফেলা হয়। খবর এনডিটিভির।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সবসময়ই মার্জিত ভাষা ব্যবহার করেন। কিন্ত এদিন কিছুটা আক্রমণাত্মক ভাষায় তিনি জেটলির সমালোচনার জবাব দেন। বিভিন্ন অভিযোগের পাশাপাশি মনমোহন ভারতীয় অর্থনীতিকে নাজুক অবস্থায় নিয়ে যাচ্ছেন বলে বলেও অভিযোগ করেছিলেন জেটলি। জবাবে মনমোহন পার্লামেন্টে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি, গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে বাধা দেয়া এবং বিনিয়োগকারীদের অনুভূতিতে আঘাত করার জন্য বিজেপিকে পাল্টা অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘এমন কোনো দেশের কথা শুনেছেন যেখানে এমপিরা চিত্কার চেঁচামেচি করে আসন ছেড়ে উঠে এসে বলেন ‘প্রধানমন্ত্রী চোর হ্যায়।’ মনমোহনের বক্তব্যের ‘চোর’ শব্দটি পরে এক্সপাঞ্জ করা হয়। এছাড়া তার ব্যবহূত আরো কয়েকটি শব্দ এক্সপাঞ্জ করা হয়।
