চারদিকে টানটান উত্তেজনা। সন্দেহভাজন ব্যাংক ডাকাতের চারপাশ থেকে তাকে ঘিরে ফেলেছে পুলিশ। পালাবার আর কোনো পথ নেই। এমন সময় সবাইকে অবাক করে দিয়ে ২১ তলা বিল্ডিংয়ের ময়লা ফেলার সরু পথে লাফ দিলেন সন্দেহভাজন ব্যক্তিটি। তাকে বাঁচাতে নিচে জড়ো করা ময়লার স্তুপেই ঠিকঠাক পড়লেন। তারপর আহত অবস্থাতেই উঠে দাঁড়িয়ে এক ছুটে হাওয়া। নাহ! কোনো চলচ্চিত্রের দৃশ্য বর্ণনা নয় এটি। বরং কিছুদিন আগে নিউইয়র্কের সিরাকুসে ঘটে যাওয়া এক ঘটনার বাস্তব বিবরণই দেওয়া হলো এতোক্ষণ। যদিও সিনেমার দৃশ্যের মতো গল্পের শেষ অতটা ভালো হয়নি রবিন গাথারিজ নামের ২৬ বছর বয়সী এই ব্যাংক ডাকাতের। প্রায় ২০০ ফুটের মতো অবিশ্বাস্য উচ্চতা থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে ঠাঁই হয়েছে তার। সেই সাথে মাথার ওপর ঝুলছে পুলিশের মামলা আর শাস্তির খড়গও। ঘটনার বিবরণে জানা যায়, যে বহুতল বিল্ডিংয়ে আলোচিত এই ঘটনা ঘটেছে তার কয়েক ব¬ক দূরেই একটি ব্যাংকের শাখায় সম্প্রতি ডাকাতি করেন। ডাকাতি শেষে খুব স্বাভাবিক ভাবে হেঁটে সবার চোখের আড়ালেও চলে যেতে সক্ষম হন রবিন গাথারিজ। কিন্তু এত বড় একটা ঘটনায় হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয় নিউইয়র্ক পুলিশের গোয়েন্দারাও। তাই দুয়েক দিনের মাঝেই রবিনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে যান তারা। যথাসময়ে তার ক্লিনটন প¬াজা অ্যাপার্টমেন্টের ২১ তলায় পৌঁছেও যান তারা। আর তাকে ধরে ফেলা যখন খুব সহজ একটা কাজ বলেই মনে হচ্ছিল তখনই সবাইকে অবাক করে দিয়ে ভবনের ময়লা ফেলার সরু ক্যাবিনেট দিয়ে লাফিয়ে পড়েন রবিন। এ সময় সংকীর্ণ এই পথের দেয়াল ধরে নিজের গতি কিছুটা কমাতে সক্ষম হলেও গুরুতর আহত হন রবিন। আর একেবারে সাক্ষাত মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়ে দেয় ক্যাবিনেটের শেষ প্রান্তে বেজমেন্টে জমে থাকা ময়লার স্তুপ। অনেকটা নরম গদির মাঝে অবতরণের সুবিধা পেলেও সংকীর্ণ পথের দেয়ালে বাড়ি খেয়েই উঠে দাঁড়ানোর শক্তি হারান পুলিশের হাত থেকে বাঁচতে চাওয়া রবিন। এদিকে স্থানীয় আপস্টেট ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সাধীন রবিনের অবস্থা এখন আশঙ্কামুক্ত বলেই জানিয়েছেন তার চিকিত্সকেরা।
