একটি, দুটি পরকীয়ার সম্পর্ক এমনিতেই চালিয়ে যেতে পারবেন। স্ত্রীর কাছে ধরা খাওয়ার চান্স নেই। আর আত্মীয় স্বজন কিংবা ব্যবসায়ের মক্কেলদের এমনভাবে ভুল বোঝাতে পারবেন যে কেউই এক ফোটাও সন্দেহ করতে পারবে না। তবে এজন্য কিছু অর্থ ব্যয় করতে হবে।
এটি একটি কোম্পানির বিজ্ঞাপন। মিথ্যা সম্প্রসারণ কোম্পানি। যারা আপনার সকল সত্য ঘটনাকে মিথ্যার কাপড়ে মুড়িয়ে দেবেন। অবাক হলেও সত্যি, ইতিমধ্যে জার্মানিতে মিথ্যা বেচার এই অভিনব ব্যবসা চালু করেছেন এক ব্যক্তি। প্যাট্রিক উলমার নামের এই ‘উদ্ভাবক’ বলেন, এটা হলো এলিবাই (ঘটনার সময় অন্যত্র থাকার অজুহাত) এজেন্সি। বন্ধু বা স্বজনদের কাছে মিথ্যা বলে সত্যকে গোপন করতে সাহায্য করেন তারা। সম্প্রতি জার্মানির বিখ্যাত ম্যাগাজিন ডার স্পাইগেলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
উলমার তার এক মক্কেলের বিষয়ে বলেন, ঐ লোকের দুটি স্ত্রী। তার স্ত্রীরা সুইজারল্যান্ডের দুটি শহরে বসবাস করেন। তিনি জার্মানির কলগনের একটি এপার্টমেন্টে থাকেন বলে মিথ্যা দাবি করেন। তার কোনো স্ত্রী জার্মানিতে এলেই কেবল এই ভূয়া বাড়িতে আসেন তিনি।
সাধারণ টেক্সট ম্যাসেজ, মিথ্যা বিনোদন ভ্রমণ ইত্যাদির জন্য মেইল সার্ভিসের মাধ্যমে মিথ্যা ঠিকানা জানানো হয়। উলমার মনে করেন, তার এ ব্যবসা আরো প্রসারিত হবে। বিশেষ করে সম্প্রতি জার্মানির একটি অপরাধ বিষয়ক ধারাবাহিকে এ রকম ব্যবসা দেখানো হয়েছে। তাই তাদের চাহিদা বাড়বে। বর্তমানে সীমিত পরিসরে এ ব্যাবসা চালাচ্ছেন তিনি। ইতিমধ্যে অস্ট্রেলিয়াতে একটি শাখা খুলেছেন!
