শনিবার উপজেলার শহীদ কদ্দুছ মগড়া সেতুর উপর মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে ৩ শতাধিক লোক আহত হয়। আহতদের ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়। ভর্তির ফরম বিক্রির অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে কলেজে গত বৃহস্পতিবার তালা ঝুলানোকে কেন্দ্র করে মগড়া নদীর দুই পাড়ের ছাত্রদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় নেত্রকোনা থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল মোমেন অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও আর্মস ব্যাটালিয়ন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় প্রশাসন তাত্ক্ষণিকভাবে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেন। সংঘর্ষে আহত এসআই খোরশেদ উদ্দিন, কনস্টেবল বাবুল ও সুজন মদন স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
