মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। গত শুক্রবার সন্ধ্যায় ফোবানার ২৭তম সম্মেলনের উদ্বোধন করেন সফররত পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
আটলান্টা ফোবানার আয়োজক কমিটির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, ফোবানার কেন্দ্রীয় সভাপতি রেহান রেজা, এটর্নি আলমগীর হোসেন, আটলান্টা সম্মেলনের আহ্বায়ক ডিউক হাসান খান, সদস্য সচিব এম. মাওলা দিলু, উপদেষ্টা গিয়াস উদ্দিন, সাংগঠনিক কমিটির সহ-সভাপতি আরেফিন বাবুল, নির্বাহী পরিচালক মুহাম্মদ আলী প্রমুখ।
এই সম্মেলনকে ঐক্যবদ্ধ দাবি করা হলেও একইসময় কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হচ্ছে আরো একটি ফোবানা। এছাড়া জর্জিয়ার পাশের রাজ্য ফ্লোরিডার মায়ামী শহরেও একই সময়ে শুরু হয়েছে আরো একটি সম্মেলন, যার নাম দেয়া হয়েছে বাংলাদেশ সম্মেলন।
