পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোদা-নতুনহাট সড়কে রাতভর গণডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ একব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সত্যতা স্বীকার করে পুলিশ জানান, পার্শ্ববর্তী বোদা উপজেলার ইসলাম নগর গ্রামের মৃত:মজিবর রহমানের পুত্র হেলালকে (৩০) ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য যে, গত শুক্রবার গভীর রাতে উপজেলার বোদা-নতুন হাট সড়কের উত্তর সাতখামার এলাকার বটগাছ মোড়ে রাস্তার দু’পাশে দড়িটানা দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত ১০/১৫ জনের মুখোশধারী এক ডাকাত দল পথচারীদের গতিরোধ করে বেদম মারপিট করে গলায় অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, ডাকাতেরা একই কায়দায় ওই রাস্তার প্রায় ১৫জন পথচারীর গতিরোধ করে হাত-পা বেঁধে নদীর পাড়ে ফেলে রাখে। এ ঘটনার প্রধান শিকার নিমুনিয়া বর্মন বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং কয়েকজন বোদা ও ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এ ব্যাপারে উপজেলার কুড়ুলিয়া গ্রামের মৃত:আব্দুর রহিমের পুত্র আব্দুল করিম (৫৬) বাদী হয়ে গতকাল রবিবার সকালে আটোয়ারী থানায় একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েক জনের নামে মামলা দায়ের করেন।
