নবাবগঞ্জ, নীলফামারী, রামগতি, পীরগঞ্জ, আদমদীঘি, নালিতাবাড়ী, গফরগাঁও, কাপাসিয়াসহ দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে, বজ্রপাত, আত্মহত্যা, বিদ্যুত্স্পৃষ্টসহ বিভিন্ন ঘটনায় নিহত ১৯ ও আহত হয়েছেন ১৭ জন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার বকচরায় গতকাল রবিবার সকালে দুর্বৃত্তদের হাতে আব্দুল খালেক (৪০) নামে এক কৃষক খুন হয়েছে। সে বকচরা গ্রামের খোশনাল সরদারের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
উপজেলার কাপাশিয়া ইউনিয়নের ভাটি বুড়াইল চরে গতকাল রবিবার ধলী বেওয়া (৭৫) নামে মহিলার লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। পরে তার আত্মীয় স্বজন লাশ বাড়িতে নিয়ে যায়। সে মৃত সাইব উদ্দীনের স্ত্রী।
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষায় গতকাল রবিবার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে সাদ্দাম হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে নরসিংদী শহরের কাউরিয়াপাড়ার গোলাপ মিয়ার ছেলে।
ভূঞাপুর (টাঙ্গাইল)
ভূঞাপুর উপজেলার বিলচাপড়ায় গতকাল রবিবার সকালে খাদ্য বিষক্রিয়ায় মিনা খাতুন (১২) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে মিন্টু মিয়ার মেয়ে। এতে আরো দুই শিশুসহ ৪ জন অসুস্থ হয়েছে। অসুস্থরা হলেন, মা সুলেখা, মনিজা (৩) ও পারুল (৬)। তাদেরকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জ (ঢাকা)
ঢাকার দোহার উপজেলায় অজ্ঞাত পরিচয় (৮) এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকালে উপজেলার মুকসুদপুর পশ্চিম বেথুয়া পদ্মা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে থানায় নিয়ে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান। নিহতের পরনে শুধু থ্রি-কোয়ার্টার প্যান্ট ছিল।
মতলব উত্তর (চাঁদপুর)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শিকারীকান্দি গ্রামের সড়কের পাশ থেকে গত শুক্রবার রাতে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক লিটন সরকারের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিটন ছেংগারচর পৌরসভার বারোআনি গ্রামে চাঁন মিয়া সরকারের ছেলে। এ ঘটনায় নিহত লিটনের বোন জামাই মনির হোসেন কাজী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা করেছে।
নীলফামারী
সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামে গত শনিবার সকালে পুকুরের পানিতে ডুবে মুকিত (৪) নামে এক শিশু মারা গেছে। সে মাদ্রাসা শিক্ষক আব্দুল গণির পুত্র।
রামগতি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা এছাহাকনগরে গত শনিবার সন্ধ্যায় পানিতে ডুবে আরাফাত হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত ওই এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
পীরগঞ্জ (রংপুর)
পীরগঞ্জে বজ্রপাতে ৩ গৃহবধূ আহত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার বড়আলমপুর ইউনিয়নের বড়আলমপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম (৩০), রফিকুল ইসলামের স্ত্রী হাফেজা বেগম (২৬) এবং মদনখালী ইউনিয়নের খায়রুল্লাহ্ আলমপুরের আব্দুল খালেক মিয়ার স্ত্রী শামসুন্নাহার বেগম (৩৫) আহত হয়। আহতদেরকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আদমদীঘি (বগুড়া)
গত শনিবার বিকালে বগুড়ার আদমদীঘি পশ্চিম বাজারে পলাশের ওয়েল্ডিংয়ের দোকানে বিদ্যুত্স্পৃষ্টে মাসুদ (১০) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়। আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে। সে আদমদীঘির সুদিন গ্রামের ইয়াছিন আলীর পুত্র।
নালিতাবাড়ী
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভাটিগাঙপাড় গ্রামে গত শনিবার দুপুরে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- মোঃ সেকান্দর আলীর ছেলে মোশারফ (১০) ও রজব আলীর ছেলে রাব্বি (৯)। তারা দু’জন আরিফপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তারা আপন চাচাতো জ্যেঠাতো ভাই।
গফরগাঁও
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গত ২ দিনে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চরআলগী ইউনিয়নের টেকিরচর গ্রামে শহীদ মিয়ার মেয়ে তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী স্বর্ণা আক্তার (১৪) দত্তেরবাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে আরিফ (১৬) ও চরকামারিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কাজল মিয়া (৩০) বজ্রপাতে মারা যান।
কোটালীপাড়া (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত রবিবার পানিতে ডুবে আবু বক্কর হাওলাদার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের ওমর আলী হাওলাদারের ছেলে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর (কুড়িগ্রাম)
উলিপুর উপজেলার বজরা ইউনিয়ন কালপানি বজরা টিটমারপাড় গ্রামে গত শনিবার রাতে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। নিহতরা হলেন, বড় ভাই জোবেদ আলী (৬০) ও আব্দুল হাকিম (৫৫)। নিহতরা হলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গত রবিবার কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত আঃ হাকিমের স্ত্রী আলেয়া বেগমকে গ্রেফতার করেছে। নিহতের মেয়ে শেফালী বেগম বাদী হয়ে উলিপুর থানায় ৩ জনকে আসামি করে হত্যা মামলা করেছে।
জলঢাকা (নীলফামারী)
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা গ্রামে গত শনিবার রাতে নিজ বাড়িতে ফাঁস লাগিয়ে রশিদ আমিনের ছেলে বাক প্রতিবন্ধী শফিকুল ইসলাম (৩০) আত্মহত্যা করেছে। এ ব্যাপারে জলঢাকা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সেনবাগ (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামে গত শনিবার মাত্র ২৩শ’ টাকার জন্য খুন হয়েছে রিকশা চালক নূর ইসলাম (২৮)। সেনবাগ থানা পুলিশ একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য গতকাল রবিবার সকালে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নুর ইসলাম দক্ষিণ তাহেরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহেনারা আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ মো. ফারুক নামে একজনকে গ্রেফতার করেছে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
মীরগঞ্জে গত শনিবার সন্ধ্যায় তিস্তার শাখা নদী রামডাকুয়া নৌকার সাথে ব্রিজের ধাক্কা লেগে নৌকাটি ভেঙ্গে গিয়ে পানিতে ডুবে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল বিনষ্ট ও ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন- আঃ জলিল (৩৫), নুরুন্নবী (২৮), সাইদুর রহমান (৩০), আতিয়ার হোসেন (৩৮), আল-আমিন (৪০), বাবলু (৩৫), আঃ রাজ্জাক (৪৫), হায়দার আলী (৩২) ও আঃ করিম (৪২)। এদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজ হবার দুই দিন পর গত শনিবার জনি গমেজ (৩৩) নামে এক বাবুর্চির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কালীগঞ্জের বাগধি গ্রামের বিজয় গমেজের ছেলে। জনি গমেজ গুলশানে একটি ফাস্ট ফুডের দোকানে বাবুর্চির কাজ করত। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
