স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
চট্টগ্রামে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতে খুনের পর আত্মহত্যা করেছেন এক রিকশাচালক স্বামী। নিহত দম্পতির নাম সাইফুল ইসলাম (৩৫) ও আজেদা বেগম (৩২)। গত শনিবার বেলা ১১ টার দিকে নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষে তাদের লাশ পাওয়া যায়। সাইফুলকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এবং আজেদা বেগমের লাশ বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সাইফুলের বুকে ও কাঁধে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আলামত সংগ্রহের পর বেলা আড়াইটার দিকে লাশ দুটি হোটেল থেকে চমেক হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। লাশগুলোর পাশে পড়ে থাকা চিরকুট দেখে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। লাশের পাশ থেকে একটি ধারালো ছুরি এবং আজেদা বেগমের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হোটেলের ম্যানেজার মো. রফিক, হোটেল বয় তারেক ও ফারুককে আটক করেছে । নগরীর পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান ইত্তেফাককে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। জানা গেছে, সাইফুল ইসলাম আজেদা বেগমের দ্বিতীয় স্বামী। আজেদার মা রহিমা বেগম জানান, সাইফুল তার গ্রামে একটি বাড়ি করছিলেন। এজন্য তার অনেক টাকার দরকার পড়ায় টাকার জন্য সে সবসময় আজেদাকে নির্যাতন করত। মেয়ের সুখের জন্য তিনি ছয় মাস আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে সাইফুলকে ৮০ হাজার টাকা দেন।