লা লিগায় টানা তৃতীয় ম্যাচ জিতলো রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে গতকাল রবিবার ইসকোর জোড়া গোলে জায়ান্ট ক্লাবটি ৩-১ গোলে পরাজিত করে অ্যাথলেটিক বিলবাওকে। এর ফলে তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট নয়।
গত মৌসুমের দুর্দশা কাটিয়ে এই মৌসুমে হারানো শিরোপা ফিরে পাওয়ার জন্য বেশ ভালভাবেই মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ কার্লো অ্যানচেলত্তির অধীনে এই মৌসুমেই দলে যোগ দেয়া ইসকো প্রথমার্ধের ২৬ মিনিটে দলকে এগিয়ে দেন। আর প্রথমার্ধের বাঁশি বাজার আগ মুহূর্তে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় এবারের মৌসুমে এটাই তার প্রথম গোল। আর রিয়াল মাদ্রিদের হয়ে এটা তার ২০১তম গোল।
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তারকা সমৃদ্ধ এই দলটিকে। ৭২ মিনিটে ইসকোর দ্বিতীয় গোলেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের। লা লিগায় এই নিয়ে তৃতীয় গোল করলেন স্পেনের হয়ে যুব ইউরোপিয়ান কাপের শিরোপা জয় করা ইসকো। এর সাত মিনিট বাদে বিলবাওয়ের ইবাই গোমেজের গোলে শুধু ব্যবধান কমে আসে।
আগেই রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি জানিয়েছিলেন, এই ম্যাচে ইকার ক্যাসিয়াসের পরিবর্তে গোল পোস্ট সামলাবেন ডিয়েগো লোপেজ। কনুইয়ের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন জার্মান মিডফিল্ডার সামি খেদিরা। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন গ্রেনাডার বিপক্ষে খেলা আরেক জার্মান মেসুত ওজিল।
