জেলার উল্লাপাড়া উপজেলায় গতকাল রবিবার বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি বের করাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে ২ পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। বিএনপির আকবর আলী গ্রুপ ও আজাদ হোসেন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। উপজেলার বিজ্ঞান কলেজ চৌরাস্তা, মার্চেন্টস স্কুল মাঠ, উপজেলা গেট ও পোস্ট অফিস চত্বরে গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। উল্লাপাড়া থানার ওসি কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ডেরও বেশি রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত হয়ে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আকবর আলী গ্রুপের সমর্থকরা গতকাল শ্রীকোলা মোড় থেকে একটি বিশাল র্যালি বের করে উল্লাপাড়া বাজার বাসস্ট্যান্ডের দিকে আসতে থাকলে অপরদিকে আজাদ গ্রুপের সমর্থকরা বিজ্ঞান কলেজের উত্তর পাশে আকবর আলী গ্রুপের র্যালিকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উল্লাপাড়া উপজেলা বিএনপির অফিস ভাংচুর করা হয়। বিক্ষুব্ধ কর্মীরা বিএনপি অফিসের আসবাবপত্র অফিসের বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেয়। একই সময় শহরের রাস্তায় ৩টি মোটর সাইকেল ও একটি বাড়ি ভাংচুর করা হয়। এই প্রতিবেদন গতকাল দুপুরে লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি বলে উল্লাপাড়া থানার ওসি জানান।
বোয়ালমারীতে বিএনপির ২ গ্রুপের সংঘষে আহত ৬
বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা জানান, জেলার বোয়ালমারী উপজেলার সেরাপুর গ্রামে গতকাল সকালে বিএনপির স্থানীয় ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে সংঘটিত এ সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে ২ জনকে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রামগড়ে বিএনপির অনুষ্ঠানে যুবলীগের হামলায় আহত ১৫
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, জেলার রামগড় উপজেলায় গতকাল বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুবলীগের হামলার ঘটনায় ২ পক্ষের ১৫ জন আহত হয়েছে। এদিকে এ ঘটনায় বিএনপির ‘পক্ষ’ নেয়া ও উপজেলা যুবলীগের সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগে রামগড় থানার ওসির অপসারণের দাবিতে আওয়ামী লীগ ও যুবলীগ প্রায় ১ ঘন্টা ফেনী রামগড় খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। রামগড় পৌর বিএনপির সভাপতি ও রামগড় পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, সকাল ১০টার দিকে উদয়ন ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুবলীগের ১৫/২০ জন নেতা-কর্মী আকস্মিকভাবে হামলা চালায়। অন্যদিকে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের বিএনপির এ অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন।
লালমনিরহাটে বিএনপি-যুবদল সংঘর্ষে আহত ১০
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গতকাল রবিবার বিএনপি-যুবদলের দফায় দফায় সংঘর্ষে ২ পথচারী শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ স্বেচ্ছাসেবক দলের কর্মীরা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেনকে লাঞ্ছিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় অফিস থেকে উপজেলা বিএনপি একটি মিছিল বের করতে প্রস্তুতি নেয়। একই সময় যুবদলের ব্যানারে মোশারফ হোসেন গ্রুপের বিএনপি কর্মীরা পাল্টা মিছিল বের করেন। এ খবর পেয়ে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান গ্রুপের বিএনপি কর্মীরা ওই মিছিলকে ধাওয়া করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
