বিএনএফ-এর না’গঞ্জ কমিটি গঠিত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২১
ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) এর নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলাসহ ৬টি উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, ব্যারিস্টার নাজমুল হুদাকে এই দল থেকে বহিষ্কার করা হয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রে কমিটি সদস্যদের নামের প্রথম অংশ নিবন্ধনের আবেদনে উল্লেখ করলেও যে নামে তারা সব সময়ে পরিচিত সে নাম বাদ দেয়া হয়েছে। এসব কমিটিতে থাকা নেতাকর্মীরা নারায়ণগঞ্জের স্থানীয় বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতা হিসেবেই পরিচিত। তাদের অনেকেই সাবেক এমপি আবুল কালাম অনুসারী। নারায়ণগঞ্জ জেলা বিএনএফ এর ১৪ সদস্যের একটি আহ্বায়ক কমিটি নিবন্ধন আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু আল ইউসুফ খানকে। কমিটির অন্যরা হলো - যুগ্ম আহ্বায়ক : রহিমা শরীফ, আনোয়ার প্রধান, কামরুল হোসেন। সদস্য সচিব হলেন মাসুকুল ইসলাম। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন - কবির প্রধান, কাজী রুবায়েত হোসেন, মাহফুজুর রহমান, আল আমিন, সাখাওয়াত হোসেন, সাফিয়া ইসলাম, মাহবুব সোবহান, কুতুবউদ্দিন ও আবদুল ইউসুফ। নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে রিয়াজুল ইসলাম আজাদকে। যুগ্ম আহ্বায়করা হলেন - রাশেদুন নবী, মোহাম্মদ হোসেন বাদল ও মনির হোসেন খান। সদস্য সচিব করা হয়েছে ফারুক হোসেনকে। কমিটির সদস্যরা হলেন - হাবিবুর রহমান মিন্টু, আনিস শিকদার, মাহবুবুর রহমান, মাহাবুবউল্লাহ, আবদুল আজিজ, মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম, বরকতউল্লাহ ও দুলাল হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, যাদের নাম দিয়ে বিএনএফ এর কমিটি গঠন করে নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে তাদের অনেকেই নারায়ণগঞ্জ বিএনপি ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা তকদির আহম্মেদ জানান, নিবন্ধনের আবেদনে সদর উপজেলায় ৩টি কার্যালয়ের ঠিকানা দেয়া হয়েছিল। এর মধ্যে শহরের আমলাপাড়া এলাকাতে ৯/২ এইচকে ব্যানার্জি রোডে জামাল ভিলার নীচ তলার প্রধান কার্যালয় দেখানো হয়েছে যেটার অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া সদর উপজেলার অন্য দুটি কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে মূল কার্যালয়ে বিএনএফ এর সাইনবোর্ড দেখা যায়নি। বিএনএফ এর প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ মুঠোফোনে নারায়ণগঞ্জে ৪টি কার্যালয়ের বিষয়ে বলেন, বর্তমানে তার দলের নেতাকর্মীদের উপর টর্চার করা হচ্ছে। এ কারণে অনেকেই কার্যালয়েও সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন।