ভারতে বিমান দুর্ঘটনার ৪৫ বছর পর নিহত এক সৈন্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হিমাচল প্রদেশের ঢাককা হিমবাহ থেকে জাগমেইল সিং নামে ওই ভারতীয় সেনার মৃতদেহ উদ্ধার করা হয়। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নিহত সেনার পকেটে পাওয়া একটি চিঠি, পরিচয়পত্র ও ইন্সুরেন্সের কাগজ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ১৯৬৮ সালের ফেব্রুয়ারি মাসে হিমালয় পর্বত পাড়ি দেয়ার সময় দুর্ঘটনায় পড়ে ভারতীয় সেনা সদস্যদের বহনকারী একটি বিমান। দুর্ঘটনার আগে বিমানটির রেডিও হিমাচল প্রদেশের সেনা ক্যাম্পের সঙ্গে রেডিওতে যোগাযোগ করে। এরপর থেকে বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি। ৯৮ জন সেনা সদস্যসহ বিমানটি নিখোঁজ হয়ে যায়। ওই দুর্ঘটনার ৩৫ বছর পর ২০০৩ সালে হঠাত্ করেই ঢাককা হিমবাহে বিমানটির সন্ধান পায় একদল অনুসন্ধানকারী। এর আগে নিখোঁজ সেনা সদস্যদের খোঁজে বেশ কয়েকবার অনুসন্ধান চালানো হয়। এরপর সর্বশেষ গত ১৩ আগস্ট আবারো নিহতদের খোঁজে অভিযান চালানো হয়। -বিবিসি
