বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের বিধি-বিধান লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় সরকারি খরচে জনসভা করে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। এটা সম্পূর্ণভাবে আচরণ বিধির লঙ্ঘন। এ থেকে প্রমাণ হয়, বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ তারা নির্বাচনের আগেই বিধি-বিধান লঙ্ঘন করতে শুরু করেছেন। গতকাল রবিবার সকালে দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সংবিধানে সংসদের মেয়াদ শেষ হওয়ার পর কি হবে-এ নিয়ে অস্পষ্টতা রেখে দেয়া হয়েছে। মেয়াদের পর আরো তিন মাস কিভাবে ক্ষমতায় থাকা যায়, এ নিয়ে সরকার নানা রকম চক্রান্ত শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সংসদের মেয়াদ শেষ হওয়ার পর যদি ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়, জনগণ তা সহ্য করবে না, প্রতিহত করবে। তিনি বলেন, দেশে বর্তমান সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। নির্দলীয় সরকারের বিধান সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করে দিয়েছে তারা। জনগণের মতামতকে সরকার তোয়াক্কা করছে না।
