হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি নিজামুল হক ও বিচারপতি কাশিফা হোসেনের অবকাশকালীন বেঞ্চ গতকাল রবিবার এ রুল জারি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ রুল জারি করা হলো। রুলে আগামী দুই সপ্তাহের মধ্যে জেসমিন ইসলামসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
গত ৪ আগস্ট দুদকের দায়ের করা ১১টি দুর্নীতি মামলায় জেসমিন ইসলামকে জামিন দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জহুরুল হক। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, প্রতিমাসে ১শ’ কোটি টাকা করে শোধ করার শর্তে বিচারিক আদালত থেকে সবগুলো মামলায় জামিন পান জেসমিন ইসলাম। সবগুলো মামলায় তার জামিন বাতিল চেয়ে পর্যায়ক্রমে হাইকোর্টে আবেদন করে দুদক।
উল্লেখ্য, সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখা থেকে মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাত্ করার অভিযোগে গত বছরের ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে ১১টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে জেসমিন ইসলামের বিরুদ্ধে ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। একই মাসের ১৭ অক্টোবর মানিকগঞ্জ সার্কিট হাউজের পেছনে বেওথা রোডের ১০ নম্বর বাসা থেকে জেসমিনকে আটক করে র্যাব। এরপর তাকে কয়েক দফায় ১৩ দিনের রিমান্ডে নেয় দুদক।
