প্রসঙ্গ :সৃজনশীল প্রশ্নপদ্ধতি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩৩
শ্রেণি : ৮ম টুটুল ক্লাসের সেরা ছাত্র। এ বছর সে প্রথম স্থান লাভ করে অষ্টম শ্রেণিতে ওঠেছে। তার বাবা-মা পড়াশোনার ক্ষতি হবে ভেবে তাকে বাসার বাইরে যেতে দেয় না। তার ইচ্ছে করে; বিকেলে মাঠে গিয়ে খেলা করতে, পাড়ার পাঠাগারে বসে নাটক-উপন্যাস পড়তে কিংবা খোলা জায়গায়/পার্কে বসে বন্ধুদের সাথে প্রাণ খুলে গল্প করতে। কিন্তু বাবা-মার সন্দেহ, শত প্রশ্নের উত্তর দানের বিড়ম্বনা আর কঠিন শাসন উপেক্ষা করে সে তা পারে না। ফলে সে নিঃসঙ্গ হয়ে পড়ে। আর তখন সে তার সঙ্গী হিসেবে বেছে নেয় মোবাইল এবং ইন্টারনেট। এর মাধ্যমে সে গোপনে ফেসবুকে কোন মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য লিখে ছবি অঙ্কন করাসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে সময় কাটায়। ক. বাংলাদেশে কোন দুটি সামাজিক সমস্যা সবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে? খ. কিশোর অপরাধের ধারণাটি ব্যাখ্যা কর। গ. টুটুলের অপরাধমূলক কর্মকাণ্ডের মূল কারণ কী? বর্ণনা কর। ঘ. তুমি কী মনে কর চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টির মাধ্যমে টুটুলের ন্যায় অপরাধকর্ম প্রতিরোধ সম্ভব? যুক্তিসহ মতামত দাও। উপরে অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের দশম অধ্যায়ের বাংলাদেশের সামাজিক সমস্যা নামক বিষয়বস্তুর ওপর দুটো প্রশ্ন রচনা করে দেখানো হয়েছে। প্রশ্ন দুটি একই পাঠ্যবস্তু অবলম্বনে করা হলেও দুটি প্রশ্নের প্রতিটি উপাংশ স্বতন্ত্র। কোন একটি প্রশ্নের উত্তর মুখস্ত করে অপর প্রশ্নটির কোন অংশের উত্তর লেখা যাবে না। অথচ তোমরা যদি ঐ বিষয়ের পাঠ্যবইয়ের দশম অধ্যায়ে বর্ণিত কিশোর অপরাধের ধারণা, এর কারণ, কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধের উপায়সমূহ ভালোভাবে পড়, পঠিত তথ্যাদি বুঝতে পার, তোমার পরিবার ও সমাজ জীবনের সাথে পাঠ্যবইয়ের ঘটনা মিলাতে পার সর্বশেষ কোন বাস্তব ঘটনা প্রত্যক্ষ করে পাঠ্যবইয়ের ধারণার আলোকে নিজের অভিমত/মতামত ব্যক্ত করতে বা করার অভ্যাস গড়ে তুলতে পার তাহলে সহজেই সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর লিখে শতভাগ পর্যন্ত নম্বর পেতে পার। বাংলাদেশে কোনটি বড় সামাজিক সমস্যা? এ প্রশ্নের উত্তরে তোমরা কিশোর অপরাধ অথবা মাদকাসক্তি এর যে কোনটি লিখতে পার। এ অংশের উত্তর মুখস্ত করে সরাসরি লেখা সম্ভব। পিতা-মাতার অতিরিক্ত শাসন কীভাবে অপরাধের জন্ম দেয়? এ প্রশ্নের উত্তর সরাসরি পাঠ্যবইতে নেই। পাঠ্যবইতে পিতা-মাতার অতিরিক্ত শাসনের কারণে শিশু-কিশোরেরা অপরাধী হয়ে ওঠে; এমন তথ্য পরিবেশিত হয়েছে। সুতরাং এ পরিবেশিত তথ্য বোঝার চেষ্টা করলে বা চিন্তা করলে এর উত্তর খুঁজে বের করা সম্ভব। অতিরিক্ত শাসন শিশু-কিশোরদের মনে জিদ চেপে বসে। ফলশ্রুতিতে তারা জিদের বশবর্তী হয়ে অপরাধ কর্ম সংঘটন করে। এমন ব্যাখ্যা/বর্ণনা লিখতে পারো। অর্থাত্ এ অংশের উত্তর অবশ্যই পাঠ্যবইয়ের পরিবেশিত তথ্য বুঝে লিখতে হবে।