সম্প্রতি বেসিসের উদ্যোগে দেশের সর্বত্র ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইন্টারনেটের ব্যান্ডউইথের মূল্য কমানোর ক্ষেত্রে সরকারি-বেসরকারি ও ডাটা কানেক্টিভিটি, ইন্টারনেট ও সফটওয়্যার প্রতিষ্ঠানের উচ্চপদস্থ নীতিনির্ধারকদের উপস্থিতিতে একটি গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আবু বকর সিদ্দিক এবং আইসিটি সচিব মো. নজরুল ইসলাম খান। সংলাপে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিভাসিটি অব এশিয়া প্যাসিফিক উপাচার্য ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ড. জামিলুর রেজা চৌধুরী। এতে ঢাকাসহ সারাদেশে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার জন্য এর বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোকনুজ্জামান এবং মোবাইল অ্যাপসের বর্তমান সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করেন বেসিস সভাপতি ফাহিম মাশরুর। সংলাপে সারাদেশের ১৮ হাজার সরকারি দপ্তর, কয়েক হাজার বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্রে ব্যবহারের জন্য দেশব্যাপী ব্রডব্যান্ড সংযোগ স্বল্পখরচে নিশ্চিত করা প্রয়োজন বলে বক্তাগণ উল্লেখ করেন। প্রয়োজনীয় অবকাঠামো না থাকাকেই ইন্টারনেট সংযোগ বিস্তৃতির প্রধান অন্তরায় হিসেবে অভিহিত করেন বক্তারা।
