ইরাকে অবস্থিত ভিন্ন মতাবলম্বী ইরানিদের একটি ক্যাম্পে সংঘর্ষে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। নিহতদের সংখ্যা নিয়ে কয়েক রকম তথ্য রয়েছে। মুজাহিদিন-ই-খালক জানিয়েছে বাগদাদের উত্তর-পূর্বে আশরাফ ক্যাম্পে ইরাকের নিরাপত্তা বাহিনী হামলা চালায় তবে নিরাপত্তা বাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘ এ ঘটনায় নিন্দা জানিয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।
ইরাকে জাতিসংঘ মিশন ক্যাম্পের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে। উল্লেখ্য, সম্প্রতি ইরাকের কর্তৃপক্ষ ভিন্ন মতাবলম্বী ইরানীদের ক্যাম্পটি তুলে দিতে চাচ্ছে। মুজাহিদিন-ই-খালক বলেছে, রবিবার রাতে সেনারা ক্যাম্পে মর্টার হামলা চালায়। অন্য একটি সূত্র জানায়, ক্যাম্পের গেটে জটলা দেখে গুলি করে। স্থানীয় একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সংঘর্ষে তিন সেনা নিহত এবং চার সেনা আহত হয়েছে।
