ঢাকা নগরীতে ছিনতাই-এর পাশাপাশি প্রতরণাও বেড়েছে। এ ক্ষেত্রে থানা-পুলিশের অবহেলাকে খাটো করে দেখা ঠিক হবে না। অপরাধীদের সঙ্গে একশ্রেণির পুলিশের সুসম্পর্কই এর মূল কারণ। থানা থেকে অভিযোগকারীদের নাম-ঠিকানা ফাঁস করার অপরাধে পুলিশের কোনো শাস্তি হয় না। রাজধানীতে থানার সংখ্যা বৃদ্ধিতে অপরাধের মাত্রা কমার কথা; সেখানে দিন দিন ছিনতাই, চুরি, চাঁদাবাজি, সন্ত্রাস, জবরদখল, নির্যাতন, প্রতারণা, জালিয়াতি, মাদকের ব্যবসা বাড়ছে। এলাকায় অপরাধীদের সঙ্গে প্রভাবশালীদের যোগাযোগ থাকায় অপরাধ দমন করা কোনো সত্ ও নিষ্ঠাবান পুলিশের পক্ষে কষ্টকর। দেশে ভালো পুলিশের সংখ্যা কম নয় কিন্তু দুর্নীতিবাজ পুলিশের কাছে এরা অসহায়। এ অবস্থায় অপরাধ দমনে রাজনৈতিক পরিচয়ে নয় বরং সত্ ও নিষ্ঠাবান পুলিশ অফিসারদের মহানগরীর থানাগুলোতে দায়িত্ব প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।
মাহবুব উদ্দিন চৌধুরী, ১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪
