জেলার মংলায় পশুর নদীতে এম ভি কফিলউদ্দিন-৫ নামে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ডুবো চরে আটকে পড়ে জাহাজটির তলা ফেটে রবিবার সকালে পশুর নদীর ত্রিমোহনা এলাকায় ডুবে যায়। জাহাজ কর্তৃপক্ষ স্থানীয় ডুবুরিদের সহায়তায় জাহাজটি উদ্ধারে রবিবার দুুপুর থেকেই কাজ শুরু হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে মংলা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।
ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার সাইফুল ইসলাম জানান, ভারতের কলকাতার বজবজ বন্দর থেকে প্রায় ৭শ’ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই কার্গো জাহাজটি গত সোমবার নরসিংদীর ঘোড়াশালের সেভেন সার্কেল সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে মংলা বন্দরের পশুর নদীর ত্রিমোহনা এলাকায় পৌঁছালে ডুবো চরে আটকে গিয়ে জাহাজটির তলদেশ ফেটে যায়। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি নদীতে ডুবে যায়। এ সময় জাহাজের ১২ জন নাবিক কূলে উঠতে সক্ষম হয়।
