ঈশ্বরদীর মোকারামপুর গ্রামের পিন্টু রেল লাইনের ওপর দিয়ে সাইকেল চালনায় বিশেষভাবে পারদর্শী হয়েছে। আজমত সরকারের কৈশোর উত্তীর্ণ ছেলে পিন্টুর এই বিশেষ দক্ষতা দেখার জন্য আশে-পাশের লোকজন এখন ভিড় জমায়। পিন্টু জানায়, টেলিভিশনে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে রেল লাইনের উপর বাইসাইকেল চালানো দেখে তারও শখ চাপে। সেই থেকে কঠোর সাধনা ও অধ্যবসায়ের ফলে আজ পিন্টুও রেল লাইনের উপর দিয়ে সাইকেল চালানোর যোগ্যতা অর্জন করেছে। পিন্টু প্রথমে একা রেল লাইনের উপর দিয়ে সাইকেল চালাতো। পরে সাইকেলের পেছনে ১ জনকে নিয়েও চালানোর অভ্যাস গড়ে তোলে। এখন পিন্টু পেছনে ১ জনকে নিয়ে একটি সাইকেল চালায় এবং আরেকটি সাইকেল অন্য লাইনের উপর দিয়ে ধরে নিয়ে যায়।
