পাবনা সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পদ্মা নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। সেইসাথে ঐতিহ্যবাহী নাজিরগঞ্জ বাজার এবং বাজার সংলগ্ন শিক্ষা ও ধর্মীয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পদ্মার করাল গ্রাসে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকলে যে কোন মুহূর্তে ওই ভূমি অফিস নদীগর্ভে হারিয়ে যেতে পারে। এতে ক্ষতি হতে পারে ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ হাজারও ডকুমেন্টস। ওই ভূমি অফিসটি পদ্মা নদী সংলগ্ন পুরাতন জমিদারের কাছারী বাড়িতে অবস্থিত।
সমভূমি থেকে ভূমি অফিসটির অবস্থান বেশ উঁচুতে। সে কারণে ইতিপূর্বে পদ্মার ভাঙন দেখা দিলেও অফিসটি ভাঙনমুক্ত ছিল। কিন্তু গত ৪/৫দিন পদ্মার পানি বৃদ্ধি এবং অব্যাহত ভাঙনে অফিসটির শেষ রক্ষা হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভাঙন তীব্রগতিতে ভূমি অফিসের দিকে ধেয়ে আসছে এবং অফিস ভবনের তলদেশে আঘাত হানছে। এভাবে আঘাত অব্যাহত থাকলে ভূমি অফিসসহ নাজিরগঞ্জ বাজার, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজ, বড়খাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরগঞ্জ পুলিশ ক্যাম্প এবং নাজিরগঞ্জ বাজার জামে মসজিদসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পদ্মার বুকে বিলীন হয়ে যেতে পারে।
