উজিরপুরের ওটরা ইউনিয়নের পূর্ব তারাশিরা সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষিকার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গত রবিবার সকালে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ শেষে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে শিক্ষিকা কনক বালা ও তার মেয়ে যুথিকা রানীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব তারাশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে দাবিদার বঙ্কিম মাস্টার তার ক্ষমতাবলে স্ত্রী, মেয়ে এবং শ্যালক বিমল কান্তি সিকদারকে ঐ স্কুলে বদলি করে আনেন।
গত ২৪ আগস্ট স্কুলে ২য় সাময়িক পরীক্ষা নিয়ে প্রধান শিক্ষক শুকলাল রায়ের সঙ্গে সহকারী শিক্ষিকা কনকবালা ও যুথিকা রানীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে প্রধান শিক্ষক ও যুথিকা রানী সামান্য আহত হয়। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ২৮ আগস্ট সালিশ বৈঠক বসলেও যুথিকা রানী তা অমান্য করে পরের দিন উজিরপুর মডেল থানায় প্রধান শিক্ষকসহ ২জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি ও দাতা সদস্য রাধা চরণ রায়, সদস্য সত্যেন্দ্র নাথ করাতি, চৌকিদার এইচ,ডি রুবেল, অভিভাবক রুশিয়া বেগম, লাইজু, আহম্মদ আলী, সাবানা, লক্ষ্মী রানী, শেফালী, শংকর করাতিসহ শতাধিক বিক্ষোভকারী শিক্ষিকা যুথিকা রানী ও তার মা কনক বালার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
