সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদ ঢাকা ও ময়মনসিংহের ধানীখোলায় তার পৈত্রিক বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে।
শের-এ-বাংলা একে ফজলুল হক-এর ১৯৫৪ সনের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং ১৯৫৭ সালে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন ।
আবুল মনসুর আহমদ চল্লিশ পঞ্চাশ ও ষাট-এর দশক জুড়ে ধর্মনিরপেক্ষতার স্বপক্ষে প্রচারণা চালিয়েছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রথম দিকের একজন নেতা। তিনি ছিলেন ১৯৫৪’র নির্বাচনে যুক্তফ্রন্ট-এর মেনিফেস্টো ‘একুশ দফা’র রচয়িতা। ঐ নির্বাচনেই মুসলিম লীগ ক্ষমতাচ্যুত হয়েছিল। একুশ দফা ছিল তদানীন্তন পাকিস্তানের পূর্বাংশের বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দাবির প্রথম পূর্ণাঙ্গ উপস্থাপন। তিনি জেনারেল আইউব খানের সামরিক শাসনামলে বেশ কয়েকবার কারাবরণ করেন।
