এক বছর পর সাত মামলার চার্জশিট, আসামি ৩৬৬

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৮
কক্সবাজারের উখিয়া, রামু ও টেকনাফে বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা ১৯ মামলার মধ্যে ৭টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। ব্যাপক তদন্ত শেষে প্রায় এক বছর পর সংশ্লিষ্ট থানা পুলিশ গত রবিবার জেলা আদালতে চার্জশিটগুলো দাখিল করে। মামলায় হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারীসহ ৩ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাগুলোর মধ্যে রামু থানার একটি, উখিয়া থানার ২টি, কক্সবাজার সদর মডেল থানার ২টি ও টেকনাফ থানার ২টি মামলা রয়েছে। কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় ৭ মামলার চার্জশিটে ৩৬৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্যান্য মামলার চার্জশিটও শিঘ্রই আদালতে দাখিল করার প্রস্তুতি চলছে। গত বছরের ২৯ সেপ্টেম্বর রামু ও ৩০ সেপ্টেম্বর উখিয়া ও টেকনাফে বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে হামলার ঘটনা ঘটে। হামলার পর রামু থানায় দায়ের করা ৮ মামলায় ৭ হাজার ৮৭৫ জন আসামির মধ্যে ২৪৯ জন, উখিয়া থানায় দায়ের করা ৭ মামলায় ৫ হাজার ৬২৪ জন আসামির মধ্যে ১১৬ জন, টেকনাফ থানায় দায়ের করা ২ মামলায় ৬৫৩ জন আসামির মধ্যে ৬৩ জন এবং কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা ২ মামলায় ১ হাজার ৩০ জন আসামির মধ্যে ৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব মামলায় ২৩ জন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ১৬১ ধারা মতে ৫০২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।