হিটলার-সাদ্দামের দলে পড়ে গেছেন আসাদ:কেরি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৯
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়া যে তার দেশের নিরীহ জনগণের বিরুদ্ধে সারিন গ্যাস ব্যবহার করে রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছিল তার প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে এসেছে। তাই দেশটির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পক্ষে যৌক্তিকতা ক্রমাগত জোরালো হচ্ছে। তিনি অভিযোগ করেন, তথ্যপ্রমাণ হাতে আসার পর এখন এটা বলতে দ্বিধা নেই যে এডলফ হিটলার এবং সাদ্দাম হোসেনের দলে পড়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি তার নিজ দেশের জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছেন। খবর এএফপি ও মেইল অনলাইনের । মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় হামলার জন্য কংগ্রেসের অনুমোদনের জন্য যখন অপেক্ষা করছেন তখন কেরি এই মন্তব্য করলেন। তিনি বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট রাসায়নিক হামলা করবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব এটা আশা করা উচিত নয়। আসাদ সরকারের বিরুদ্ধে মার্কিন কংগ্রেস হামলার অনুমতি দেবে বলে আস্থা প্রকাশ করেন কেরি। তবে তিনি এটাও স্মরণ করিয়ে দেন যে, কংগ্রেসের অনুমতি না পেলেও মার্কিন প্রেসিডেন্ট একক ক্ষমতাবলে যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। তাই কংগ্রেসের অনুমোদন লাভে ব্যর্থতা মানেই সিরিয়ার ‘এ যাত্রায় বেঁচে যাওয়া’ নয়। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, আমেরিকার জনগণের খুশি হওয়া উচিত যে প্রেসিডেন্ট একা কোনো সিদ্ধান্ত না নিয়ে কংগ্রেসের উপর দায়িত্ব সপে দিয়েছেন। আশা করি কংগ্রেস সঠিক সিদ্ধান্তই নিবে।