মার্কিন হামলায় লাভ হবে আল-কায়েদার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৪
দামেস্কে রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগে সিরিয়ায় যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক অভিযান চালায় তাহলে আল-কায়েদা ও এর শাখা সংগঠনগুলোরই লাভ হবে বলে সতর্ক করেছে সিরিয়া। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বিবিসিকে এ সতর্কবার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, সিরীয় সেনারা নয়, যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোই এই রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে। মেকদাদ আরো বলেন, সিরিয়ার বিরুদ্ধে যে কোনো হামলা জঙ্গিদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। লাভবান হবে সিরিয়া এবং ইরাকের ‘জাবাত আল-নুসরা’ কিংবা ‘স্টেট অব ইসলাম’ এর মতো সংগঠনগুলো। আল কায়েদা সংশ্লিষ্ট ‘জাবাত আল নুসরা’ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ভূমিকা পালন করছে। তিনি হুঁশিয়ার করে বলেন, হামলা হলে তা এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতি বিদ্বেষ বাড়াবে। এর বাইরে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় হামলার জন্য কংগ্রেসের অনুমতি চাওয়ার সিদ্ধান্ত নেয়ায় এটিই প্রতীয়মাণ হয় যে, তিনি যুদ্ধের পরিণতি নিয়ে ভাবেননি। মেকদাদ বলেন, ইরাকে হামলা চালিয়ে জঙ্গি সংগঠন স্টেট অব ইসলামকে যেভাবে সহযোগিতা করা হয়েছিল, সেভাবে সিরিয়ায় জঙ্গিরা লাভবান হবে। সন্ত্রাসবাদের লালনের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান কিংবা আমাদের কী জবাব দেওয়া উচিত এ ব্যাপারটি এখনও আমার কাছে স্পষ্ট নয়।