সিরিয়ায় রাসায়নিক হামলার খবর বিশ্বাস করছে না রাশিয়া

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৫
সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এমন দাবি রাশিয়া এখনও বিশ্বাস করছে না। একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ গতকাল সোমবার বলেন, ‘এর আগে এবং সমপ্রতি আমেরিকা এবং তার সাথে ব্রিটেন, ফ্রান্সসহ তার মিত্ররা যেসব প্রমাণ আমাদের দেখিয়ে আসছে তা মোটেও বিশ্বাসযোগ্য নয়। এছাড়া তথাকথিত হামলার যেসব ছবি ইন্টারনেটে পোস্ট করা হয়েছে তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।’ তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি সত্যি সত্যিই রাসায়নিক হামলার কোনো প্রমাণ পেয়ে থাকে তবে তা জনসমক্ষে প্রকাশ করুক। এতো লুকোচুরি কেন করা হচ্ছে। এখানে যুদ্ধ এবং শান্তির প্রশ্ন। তাই লুকোচুরির খেলা চলতে পারে না। গোপন প্রতিবেদনের ঘোমটা খুলে দেয়া হোক। খবর আল আরাবিয়া নিউজ ও এএফপির। ল্যাভরভ অভিযোগ করেন, তাদের কিছু স্কেচ দেখানো হয়েছে। কিন্তু সেগুলো কোনো বিশেষজ্ঞ হাতের তৈরী বলে মনে হয়নি। বেশিরভাগ কথাই অনুমান নির্ভর। এগুলো থেকে সিরিয়ার সরকারকে দায়ি করার মতো শক্ত যুক্তি খুঁজে পাওয়া যায়নি। এদিকে, কৃষ্ণ সাগরে মোতায়েন নৌ-বহর থেকে একটি গোয়েন্দা জাহাজ সিরীয় উপকূলে পাঠাচ্ছে রাশিয়া। রাশিয়া উদ্বেগের সঙ্গে দামেস্ক সরকারের বিরুদ্ধে পশ্চিমা সামরিক অভিযানের পরিকল্পনার ওপর নজর রাখছে। সোমবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এক সামরিক কর্মকর্তা বলেন, রবিবার সন্ধ্যায় এসএসভি-২০১ গোয়েন্দা জাহাজ প্রিয়াজোভি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত সামরিক বাহিনীর নির্বাচিত এলাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে।