গল্প নয় সত্যি

পারফিউম চোরের কাণ্ড!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৭
হাতটানের অভ্যাসটা যাদের দীর্ঘদিনের, নিজেদের উদ্দেশ্য সফল করার জন্য হেন কাজ নেই তারা করতে পারেন। আর এই হাতটান বা চুরির তালিকায় মামুলি পোশাক কিংবা স্যান্ডেল থেকে শুরু করে থাকতে পারে দামি কোনো হীরার আংটি কিংবা মূল্যবান সেলফোনসহ অনেক কিছুই। অধিকাংশ ক্ষেত্রেই এসব চুরির খবর সংবাদ হয়ে পত্রিকার পাতায় আসে না। তার ওপর চুরি বা খোয়া যাওয়া সামগ্রীটি যদি হয় মামলি কোনো পারফিউম বা সুগন্ধি তাহলে তো সেটা নিয়ে মাতামাতি করবার প্রশ্নই ওঠে না। কিন্তু মজার বিষয় হলো, সম্প্রতি স্রেফ একখানা পারফিউম হাতিয়ে নিয়েই তারকাখ্যাতি (পড়ুন চোরখ্যাতি) পেয়ে গেছেন এক নারী। কারণ, খ্যাতনামা ফার্মেসি চেইন বুটস থেকে এক বোতল শ্যানেল পারফিউম সরিয়ে নেওয়ার জন্য তিনি যে ছদ্মবেশ ধারণ করেছিলেন সেটি ছিল এক কথায় অভিনব। পারফিউম চুরি হওয়ার পর দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও পরীক্ষা করে দেখা যায় নকল মোচ, নকল নাক ও সানগ্লাস পরিহিত এক মহিলা প্রথমে দোকানের তাক থেকে শ্যানেলের পারফিউমটি হাতে নেন। তারপর দাম পরিশোধের কোনো ধরনের চেষ্টা না করেই তিনি আস্তে করে বেরিয়ে যান দোকানের প্রধান দরজা দিয়ে। এ সময় তার সাথে আরও একজন মহিলাকেও ভিডিওতে দেখা যায়। এ ছাড়া তারা যে বাইরে বেরিয়ে প্রায় ৬ ফুট লম্বা একজন শ্বেতাঙ্গ লোকের সাথে কথা বলেছেন সেটিও স্পষ্টই উঠে এসেছে ঘটনাস্থল স্যালিসবুরি’র পুলিশ প্রশাসনের প্রকাশ করা ভিডিও চিত্রে। এদিকে সম্প্রতি প্রকাশ করা হলেও ঘটনা সংঘটনের তারিখ হিসেবে পুলিশ গেল ২২ জুলাই সকাল সাড়ে দশটার কথা উল্লেখ করেছেন। সেই সাথে তারা এটিও জানিয়েছেন যে, দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে এই ছদ্মবেশ ধারণ করা চোরদের সন্ধান মেলাতে ব্যর্থ হয়েই অবশেষে সবার জন্য ভিডিওটি উন্মুক্ত করেছেন তারা। একই সাথে ৯৫ পাউন্ড মূল্যমানের এই পারফিউম চোর কিংবা চোরদের ধরতে স্থানীয়দের সহায়তাও চেয়েছেন তারা। কখনও কখনও মামুলি পারফিউম চুরিও যে কত কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে এই ঘটনাটি সম্ভবত তারই একটি উদাহরণ হয়ে থাকবে।