ডিএসই’র লেনদেনের ১৭ ভাগ ফার্মাসিউটিক্যালস খাত ঘিরে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৩
গতকাল মঙ্গলবার দিনের শুরুতে নিম্নমুখী প্রবণতা দিয়ে শেয়ারবাজারের লেনদেন শুরু হলেও দিনশেষে উভয় স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। এদিকে গত কয়েক মাস ধরে শেয়ারবাজারের লেনদেন জ্বালানি খাত ঘিরে হলেও গতকাল তার কিছুটা ব্যতিক্রম হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ১৭ ভাগ হয়েছে ফার্মাসিউটিক্যালস খাত ঘিরে। এরপরই জ্বালানি খাতের অবদান। এ খাত ঘিরে লেনদেন হয়েছে ১২ দশমিক ১৪ ভাগ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৭২ লাখ ৩৪ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ২২ কোটি ১৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। এদিকে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিলে বা পুনঃঅর্থায়নের ৯০০ কোটি টাকা ছাড় পরবর্তী বণ্টন প্রক্রিয়া দেখভালের জন্য গঠিত কমিটিতে দু’জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত সোমবার আগের কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নতুন অন্তর্ভুক্তির ফলে কমিটির সদস্য সংখ্যা এখন পাঁচ। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান। কমিটিতে বিএসইসির পরিচালক জাহাঙ্গীর আলম এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপ-মহাব্যবস্থাপক তারেক নিজাম উদ্দিনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম এবং আইসিবির মহা-ব্যবস্থাপক নাসির উদ্দিন। প্রসঙ্গত, গত ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংক, বিএসইসি এবং আইসিবির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে ৩ সদস্যের একটি তদারকি কমিটি গঠন করা হয়। পুনঃঅর্থায়ন তহবিলের অর্থ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, তহবিলের অর্থ অন্যকোনোভাবে ব্যবহার হচ্ছে কি-না তা দেখভাল করবে এ কমিটি।