কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে মাঈন উদ্দীন নামের এক যুবক শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার ভোরে জেলার মুরাদনগর উপজেলার পূর্ববাঙ্গরা ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে মাঈন উদ্দিনের (২৮) সাথে প্রায় ৩ বছর পূর্বে নবীনগরের মাকসুদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে বাবার বাড়িতে স্থান পায়নি ওই দম্পতি। তাই বাধ্য হয়ে তারা একই গ্রামে মামা শ্বশুরের বাড়িতে আশ্রয় নেয়।
এ নিয়ে দীর্ঘদিন যাবত্ পরিবারের সাথে বিরোধ চলে আসছিল মাঈন উদ্দিনের। ওই বিরোধের জের ধরে গত সোমবার ভোরে বিষ্ণুপুর বাজারের পশ্চিম পার্শ্বে বিষ্ণুপুর-রামচন্দ্রপুর সড়কে বড় বোন বেবীর বাড়ির সামনে মাঈন উদ্দিন নিজেই তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার পুরো শরীর পুড়ে ঘটনাস্থলে মারা যায়। এদিকে ওই ঘটনার পর থেকে মাঈন উদ্দিনের বাবা হোসেন মিয়া, মা নাছিমা, বোন বেবী ও ভগ্নিপতি রমিজ উদ্দিন পলাতক রয়েছে।
