বিভিন্ন দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৫
বিভিন্ন দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কুমিল্লা কুমিল্লায় পানিতে ডুবে রিনি আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার রামনগর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে রিনি আক্তার ও তার চাচাত ভাই রিফাত বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করছিল। এসময় খেলার ছলে তারা পুকুরে পড়ে যায়। চকরিয়া (কক্সবাজার) কক্সবাজারের চকরিয়ায় সড়কের গর্তে জমে থাকা পানিতে ডুবে তাকিয়া জান্নাত নামের দুই বছর বয়সের এক শিশুকন্যা মারা গেছে। গত সোমবার উপজেলার প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি এলাকা বমুবিলছড়ি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। সুনামগঞ্জ সুনামগঞ্জ সিলেট সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ১৫জন অহত হয়েছে। নিহত তরুণীর নাম পরিচয় মিলেনি। গুরুতর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে ইকবাল নগরে এ ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ছাতক (সুনামগঞ্জ) ছাতকের গোবিন্দগঞ্জে ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত রাজমিস্ত্রি নুর মিয়া (৪০) চিকিত্সাধীন অবস্থায় রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। সে রবিবার বিকেলে সিলেটগামী ট্রাক ও ছাতকগামী যাত্রীবাহী ট্রেন গোবিন্দগঞ্জ রেলক্রসিংয়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর (বগুড়া) বগুড়ার শেরপুরে মদ্যপান করে মোটর সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে উপজেলার পালাশন ধাপ্পা পাড়া গ্রামের আরব আলী ও বন্ধু রাজাপুর গ্রামের দীলিপ রাজাপুর দীঘলভিটা গিয়ে মদ পান করে। সেখান থেকে ফেরার পথে মাকোরখোলা বোগালজোর নামক স্থানে পৌঁছে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই আরব আলী মারা যায়। বারহাট্টা, (নেত্রকোনা) বারহাট্টা-মোহনগঞ্জ সড়কে বিরামপুর নামক স্থানে গত সোমবার সকালে সড়ক দুঘর্টনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। জানা গেছে, উপজেলার বরুহাটি গ্রামের মুনসুর আলীর পুত্র সুমন মোটর সাইকেল চালিয়ে মোহনগঞ্জ যাওয়ার পথে বিরামপুর বটতলার নিকট একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। চকরিয়া (কক্সবাজার) চকরিয়ায় মাতামুহুরী নদীর চর থেকে পুলিশ আব্দুল কুদ্দুচ নামে বিদেশ ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে। সোমবার সকালে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নুরু বাপের পাড়ার উত্তরে নদীর চর থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক ওই গ্রামের নুর আহমদের ছেলে বলে জানিয়েছেন পুলিশ। মোহনগঞ্জ (নেত্রকোনা) নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে বিরামপুর নামকস্থানে মোটর সাইকেল-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম সুমন। সে বারহাট্টা উপজেলার বরুয়াটী গ্রামের মুনসেফ আলীর পুত্র।