নিখোঁজের চারদিন পর গত সোমবার নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে আবুল কাশেমের (৫০) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১টার দিকে ওই গ্রামের মাস্টার ফরিদের বাড়ির কবরস্থান থেকে দুর্গন্ধ বের হলে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পায়। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।
স্থানীয় কাবিলপুর ইউপি চেয়ারম্যান মমিনউল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, গত শুক্রবার দুপুর থেকে আবুল কাশেম নিখোঁজ হয়। এরপর থেকে বাড়ির লোকজন বিভিন্নস্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। এরপর সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী কবরস্থানে তার লাশ পাওয়া যায়। লাশের শরীর পচে দুর্গন্ধ সৃষ্টি হয়। যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন ঘটনাটি শুনেছেন বলে ইত্তেফাককে নিশ্চিত করেন। তবে বিষয়টি নিয়ে কেউ থানায় কোন অভিযোগ করেননি।
