প্রোগ্রামিংয়ের জগতে পাইথনকে একটি শক্তিশালী প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হিসেবে বিবেচনা করা হয়। এই পাইথন প্রোগ্রামিং উদ্ভাবন করে প্রযুক্তি বিশ্বে অমর হয়ে রয়েছে গুইডো ফন রসাম। ডাচ এই প্রোগ্রামারকে পাইথন কমিউনিটিতে অভিহিত করা হয় ‘বেনেভোলেন্ট ডিকটেটর ফর লাইফ’ হিসেবে। অর্থাত্ পাইথনের উন্নয়ন এবং ব্যবহার সম্পর্কিত যাবতীয় কাজের যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে কেবল তারই। ফন রসাম জন্মগ্রহণ করেন ১৯৫৬ সালের ৩১ জানুয়ারি। নেদারল্যান্ডে বেড়ে ওঠা এই প্রোগ্রামার ইউনিভার্সিটি অব আমস্টারডাম থেকে ১৯৮২ সালে গণিত এবং কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বিভিন্ন গবেষণা সংস্থার সাথে কাজ করেন। এসব সংস্থার মধ্যে রয়েছে নেদারল্যান্ডের সেন্ট্রাম উইসকুন্ডে অ্যান্ড ইনফরমেটিকা, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি, করপোরেশন ফর ন্যাশনাল রিসার্চ ইনিশিয়েটিভ প্রভৃতি। পড়ালেখা শেষ করার পর থেকেই পাইথন নিয়ে গবেষণা শুরু করেন তিনি। এরপর ১৯৯১ সালে প্রথম একে সকলের সামনে নিয়ে আসেন। ২০০৫ সালে প্রতিভাবান এই প্রোগ্রামারকে নিয়োগ দেয় গুগল। গুগল’র জন্য পাইথন ব্যবহার করে একটি কোড-রিভিউ ওয়েববেজড টুলসও তৈরি করেন তিনি। ২০১২ সালের ডিসেম্বরে গুগল থেকে সরে দাঁড়ান ফন রসাম। পরে চলতি বছরের জানুয়ারি মাস থেকে তিনি ড্রপবক্সের জন্য কাজ শুরু করেন। ফন রসামের মেধা ও কাজের স্বীকৃতিস্বরূপ সফটওয়্যার এবং কম্পিউটিংয়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
