বিশ্বব্যাপী নেটওয়ার্কিং পণ্যের চাহিদা বেড়ে যাওয়ার কারণে নতুন নতুন নেটওয়ার্কিং পণ্যেরও আগমন ঘটছে। আবার নেটওয়ার্কিং পণ্যগুলো একসময় কেবল প্রতিষ্ঠান পর্যায়ে ব্যবহূত হলেও এখন বাসা-বাড়িতেও ব্যক্তিগত ব্যবহারের জন্য নানা ধরনের নেটওয়ার্কিং পণ্যের প্রয়োজন দেখা দিয়েছে। সেই চাহিদা মেটাতেই নিত্যনতুন নেটওয়ার্কিং পণ্যও তৈরি হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারে জার্মানির রাউটার নির্মাতা প্রতিষ্ঠান এভিএম তৈরি করেছে ফ্রিটজ!বক্স ৩৩৯০। এটি এভিএম-এর তৈরি প্রথম কনকারেন্ট ডুয়াল-ব্যান্ড ৩-স্ট্রিম রাউটার যা আইট্রিপলই ৮০২.১১এন স্ট্যান্ডার্ড সমর্থন করে। এতে কোনো অ্যনালগ ফোন পোর্ট নেই। তবে ফ্রিটজ!-এর বিশেষ স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি এসআইপি টেলিফোনি সমর্থন করে। অ্যান্ড্রয়েড এবং আইফোন—উভয়েই এই ফিচারটি পাওয়া যাবে। এতে রয়েছে ভিডিএসএল (১০০ এমবিপিএস) মডেম এবং চারটি গিগাবিট ইথারনেট পোর্ট, যার একটিকে আবার ওয়্যান কানেকশন হিসেবে ব্যবহার করা যায়। প্রিন্টার, ন্যাস (নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ) বা থ্রিজি ডংগল ব্যবহারের জন্য এতে দুইটি ইউএসবি পোর্টও রয়েছে। এর নতুন সংস্করণের ফার্মওয়্যার গুগল কনটাক্ট অ্যাড্রেস বুকের সংযোজনসহ নতুন অনেক ফিচার সমর্থন করে।
