রাজশাহীতে মহিলা নিরাপত্তা কর্মীকে গলা কেটে হত্যা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হোস্টেলের এক মহিলা নিরাপত্তা কর্মীকে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে নগরীর মির্জাপুর এলাকার একটি ছাত্রাবাস থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে নগরীর মতিহার থানা পুলিশ। পুলিশ বলছে, ধর্ষণের পর তাকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত ফজিলা খাতুন (৩৫) মির্জাপুর এলাকার আসাদুজ্জামানের মেয়ে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম খান জানান, সোমবার থেকে ফজিলা খাতুন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন তার বাবার বাড়ির পাশে ‘ওমর ফারুক’ ছাত্রাবাসের একটি কক্ষে বিবস্ত্র অবস্থায় ফজিলার গলাকাটা লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।