গাজীপুরে কৃষি গবেষণা ইন্সটিটিউটে কর্মশালা
গাজীপুর প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন কৃষিবিদ আবদুল মান্নান এমপি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিএআরআই-এর গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল প্রমুখ।
শীত সহনশীল ধান উদ্ভাবনে কোরিয়া-বাংলাদেশ
গাজীপুর প্রতিনিধি \ শীত সহনশীল ধানের জাত উদ্ভাবন এবং কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে কোরিয়ার সহায়তায় বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটে (ব্রি) কাজ চলছে। এজন্য দু’দেশের গবেষকদের যৌথ প্রচেষ্টায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে চাষাবাদের উপযোগী তীব্র শীত সহনশীল ধানের জাত উদ্ভাবন এবং ব্রিতে প্রয়োজনীয় ল্যাব সুবিধাসহ বেশ ক’টি যন্ত্র উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। ব্রি’র মহাপরিচালক ড.মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান ডেপুটি মিশন প্রধান এবং কনস্যুলার কিম ইয়ুন জু প্রমুখ।
বেতাগীতে বৃক্ষ মেলা উদ্বোধন
বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে গত সোমবার দিনব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন হাওলাদার। এ সময় প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টুসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ-লাখাই সড়কের একাংশ ডুবে গেছে
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ-লাখাই সড়কের একাংশ বর্ষার পানিতে ডুবে যাওয়ায় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২৯ কিলোমিটার দীর্ঘ এ সড়কের বামৈ-স্বজনগ্রাম অংশে সারাবছর যানবাহন চলাচলের উপযোগী করে নির্মাণ না করায়, এ দুর্ভোগ স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। বর্তমানে জেলা সদর থেকে সড়কের প্রান্তঃসীমানায় অবস্থিত স্বজনগ্রাম পর্যন্ত যেতে জনসাধারণকে ট্যাক্সি, অটোরিকশা ও টেম্পো ছাড়াও নৌকায় ভ্রমণ করতে হয়। এতে অর্থ ও সময়েরও অপচয় হয়।
ইবি ডিবেটিং সোসাইটির নতুন কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) সংবাদদাতা \ ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃতী বিতার্কিক ইমামূল হাছান আদনানকে সভাপতি ও মো.আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়। ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আব্দুল হাকিম সরকার গত সোমবার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের জন্য এই কমিটি গঠন করেন।
সিংড়ায় কৃষক হত্যাকারীদের ফাঁসির দাবি
সিংড়া(নাটোর)সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় কৃষক মোহাম্মাদ ও তার ভাই আসলাম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে কলম ইউনিয়নের কয়েক হাজার মানুষ। সমাবেশে খুনিদের মদদদাতা ইব্রাহিম খলিল ফটিকসহ আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গত সোমবার শিক্ষক মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ৪নং কলম ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ফজলার রহমান ফুনু, সাবেক চেয়ারম্যান নবীরউদ্দিন, সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা এমদাদুল হক বাবলু প্রমুখ।
কাউনিয়ায় মানাস নদীতে ব্রিজ উদ্বোধন
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর শাখা মানাস নদীতে নবনির্মিত ব্রিজ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সংসদ সদস্য টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও আব্দুল মোতালেব সরকার, প্রকৌশলী মজিবর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, মাজেদ আলী বাবুল, মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, আশরাফুল ইসলাম প্রমুখ।
ভালুকায় বার্ডের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভালুকা ও কইকা বাংলাদেশ অফিস পরিচালিত ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র শান্তি’র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত এইচ.ই. মিঃ লিয়ন-ইয়ং মঙ্গলবার ময়মনসিংহের ভালুকায় ওই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র শান্তি’র উদ্বোধন করেন।
হোমনায় আওয়ামী লীগ নেতার বস্ত্র বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলার পাঁচ শতাধিক দুস্থ পুরুষ-মহিলার মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নে এসব বস্ত্র বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মধু, শামসুজ্জামান চেয়ারম্যান, খোকন মিয়া, মিজান মাষ্টার, কাশেম মেম্বার, শহিদুল্লাহ প্রমুখ।
চাটমোহর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাটমোহর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা এসএম মারুফকে সভাপতি, মো. রেজাউল করিমকে সাধারণ সম্পাদক এবং কাজী খোকন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনোয়ার শামীম ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ গত ১ সেপ্টেম্বর রাতে চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এ নতুন কমিটি অনুমোদন করেন।
ময়মনসিংহে তাঁতীদলের নতুন কমিটি
ময়মনসিংহ প্রতিনিধি \ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কোতওয়ালী থানা শাখার উদ্যোগে সমপ্রতি ৬নং চর ঈশ্বরদীয়া ইউনিয়ন ও ২নং কুষ্টিয়া ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট তাঁতীদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঈশ্বরদীয়া ইউনিয়ন কমিটির আহ্বায়ক হলেন মো: জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ মো: আব্দুস ছামাদ, জহিরুল ইসলাম ইমন, মাসুদ রানা এবং ২নং কুষ্টিয়া ইউনিয়ন কমিটির আহ্বায়ক হলেন মো: রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, মো: কামাল ফরাজী, মো: আলমাছ আলী।
সিংড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরে ক্যাম্প উদ্বোধন করেন ধানের শীষ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট বিএনপি নেতা ডাঃ নজরুল ইসলাম। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম ছড়িয়ে দেয়ার মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছানো হবে বলে জানান তিনি।
ভুঞাপুরে ধর্ষকের ফাঁসির দাবিতে ক্লাস বর্জন ও মানববন্ধন
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুরে সাফলকুড়া গ্রামে তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মঙ্গলবার র্যালি, মানববন্ধন ও ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের সাফলকুড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে গত ২৬ আগষ্ট পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে জোরপূর্বক ধর্ষণ করে স্থানীয় দুই বখাটে যুবক মাসুদ ও মোবারক। ঘটনাটি ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে স্থানীয় ইউপি সদস্য আসাদুল মাসুদ লিটন ও গ্রাম্য মাতব্বররা।
বেগমগঞ্জে মোবাইল ব্যাংকিং সম্পর্কিত সভা
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ মঙ্গলবার বেগমগঞ্জ উটজেলা কমপ্লেক্স হলরুমে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদেরকে মোবাইল ব্যাঙ্কিং সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল বাতেন, ব্যাংক এশিয়ার সহকারী রিলেশনশীপ অফিসার মুহাম্মদ হোসেন, তানভির হোসেন চৌধুরী, নাসিরুল ইসলাম, একটি বাড়ি একটি খামারের আওতাভুক্ত বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর।
বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শত শত নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সলিয়াবাকপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মহিউদ্দিন খান ওয়াদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর (উত্তর) যুব সংহতির সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার নাসিম, স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহজাহান, নাসির উদ্দিন বিশ্বাস।
রামগঞ্জের শীর্ষ সন্ত্রাসী পাকিস্তানি গ্রেপ্তার
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
জেলার রামগঞ্জের শৈরশৈই গ্রাম থেকে গত সোমবার অস্ত্রসহ শাহেদ আলী ওরফে পাকিস্তানি (২৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশ পাল্টা গুলি ছুঁড়ে তাড়া করে। পুলিশের তাড়া খেয়ে আশ্রয় নেয় ভাদুর ইউনিয়নের একটি বাড়িতে। গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়। পুুলিশ তার কাছ থেকে ১টি পিস্তল, ২টি এলজি এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। পাকিস্তানি পাকিস্তানি শৈরশৈই গ্রামের কাজীবাড়ির মৃত আইয়ুব খানের ছেলে। জানা যায়, সে রামগঞ্জে বাহিনী গঠন করে কয়েক বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তার বিরুদ্ধে নয়নপুরে অপহরণ, হাজীগঞ্জে কলেজ ছাত্র শামিম হত্যা, নোয়াগাঁও ইউপি বিএনপি নেতা আবিদ হত্যাসহ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।
টেকনাফে চিংড়ি ও মদসহ ৫ নৌকা জব্দ
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফে বিজিবি পৃথক অভিযানে চিংড়ী, বিভিন্ন মাদক ও খাদ্যসামগ্রীসহ ৫টি কাঠের নৌকা জব্দ করে। এছাড়া গত সোমবার ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৭ রোহিঙ্গাকে আটক করে। পরে আটককৃতদের মানবিক সহযোগিতা দিয়ে বিকালে স্বদেশে ফেরত পাঠায় বিজিবি। এ ব্যাপারে ৪২ ব্যাটালিয়ন বিজিবির পরিচালক (ভাঃ) মেজর শফিকুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
তালায় কৃষকের মাঝে ব্র্যাকের অনুদান
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালা ব্র্যাক অফিসে ৩৪ জন কৃষকের মাঝে ৫৮ হাজার ৩৪৯ টাকা বিতরণ করা হয়। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামসুল আলম। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির তালা শাখা ব্যবস্থাপক চন্দ্র শেখর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আরএম মোঃ আল মামুন এবং সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ শহীদ হোসেন।
আড়াইহাজারে ভাতা পাননি আনসার সদস্যরা
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার ২টি পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় ২ মাস অতিবাহিত হয়ে গেলেও নির্বাচনে দায়িত্ব পালনের ভাতা পাননি আনসার সদস্যরা। জানা গেছে, ৬ জুলাই আড়াইহাজার উপজেলার গোপালদী ও আড়াইহাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পুলিশ ও র্যাবের পাশাপাশি আইন-শৃংখলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন আনসার সদস্যরা। কিন্তু নির্বাচনের প্রায় ২ মাস অতিবাহিত হয়ে গেলেও তারা ভাতা পায়নি। এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানান, নির্বাচন কমিশন বরাদ্দ না দেয়ায় আমরা তাদের ভাতা দিতে পারিনি।
কাশিয়ানীতে তিন বাড়িতে ডাকাতি
কাশিয়ানী সংবাদদাতা \ গত সোমবার রাতে কাশিয়ানী উপজেলা সদরের তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতিস্থলে যাবার পথে এক চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে, গত সোমবার গভীর রাতে সদরের কলেজ রোডের কাশিয়ানী সোনালী ব্যাংকের পিওন মাহাবুব ও কাশিয়ানী ডেল্টা লাইফ ইন্সুরেন্সর ম্যানেজার আলী আকবারের বাড়িসহ তিন বাড়িতে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা আলী আকবারকে কুপিয়ে মারাত্মক জখম করে।
রানীনগরে মসজিদভিত্তিক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানীনগরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নওগাঁ ইসলামিক ফাউন্ডেশন’র ফিল্ড সুপার ভাইজার আব্দুর রউফ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারী।
দিনাজপুর সীমান্তে পিস্তলসহ একজন আটক
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্তে ভারত থেকে আনা পিস্তলসহ মোঃ তুষার মোল্লা নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। গত সোমবার তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটর সাইকেল আটক করা হয়। বিজিবি ফুলবাড়ী-৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মিজানুর রহমান এর সত্যতা স্বীকার করেছেন।
কাঁঠালিয়ায় কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঁঠালিয়ায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ১০ দিনব্যাপী কম্পিউটার ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। গত সোমবার আশার আলো মসজিদ কাম সাইক্লোন সেল্টারে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি নুরুল ইসলাম নান্নুর সভাপতিত্বে সমাপনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার। বিশেষ অতিথি ছিলেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, ইউপি চেয়ারম্যান শিশির দাস, অধ্যাপক আবদুল হালিম প্রমুখ।
চুয়াডাঙ্গায় টেম্পু মালিক সমিতির অবস্থান ধর্মঘট
চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গত সোমবার সকাল ৯টা থেকে জেলা থ্রি হুইলার অটো টেম্পু মালিক সমিতির আয়োজনে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। থ্রি হুইলার অটো টেম্পুর রেজিষ্ট্রেশন, রুট পারমিটসহ নির্বিঘ্নে এ যানবাহন চলাচলের দাবিতে চুয়াডাঙ্গা জেলা থ্রি হুইলার অটো টেম্পু মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল মমিনের নেতৃত্বে ১৬১টি যানবাহনের মালিক চালক এ অবস্থান ধর্মঘটে অংশ নেয়। এ সময় তারা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস.এম. রেজাউল হকের হাতে স্মারকলিপি তুলে দেন।
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি \ আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা আ’লীগ। গত সোমবার মানববন্ধন চলাকালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান আলী, আওয়ামী লীগ নেতা গনেশ মণ্ডল, ডাঃ মুনসুর সরদার প্রমুখ।
সুজানগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগর থানা-পুলিশ তোফাজ্জল হোসেন ওরফে তোফাজ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। জানা গেছে, থানা পুলিশ সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়ি থেকে ওই গাঁজাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
বেনাপোলে ভারতীয় পিস্তল ও গুলি উদ্ধার
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের পুটখালী সীমান্তের রাজগঞ্জ কামানপোতা এলাকা থেকে গত সোমবার রাতে একটি ভারতীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। ২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল তায়েফ উল হক জানান, বিজিবি’র একটি টহল দল রাতে সীমান্তের পাঁচ ভুলাট ও পুটখালীর রাজগঞ্জ কামানপোতা সীমান্তে অভিযান চালিয়ে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
হোমনা ডিগ্রি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ গতকাল মঙ্গলবার হোমনা ডিগ্রি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। হোমনা নবজীবন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও ডা. মো. জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক মো. রেজাউল করিম, হারুন অর রশিদ, মো.হুমায়ূন কবির, কলেজ শাখা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন, ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।
পূর্বধলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদর বাজারে গত সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল খাদ্য ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। নেত্রকোনা জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
রায়পুরায় ডায়াবেটিস সেন্টার উদ্বোধন
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বারডেম) প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিস সেবা সমপ্রসারণের জন্য প্রকল্প গ্রহণ করেছে। উক্ত প্রকল্পের অধীনে নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতলী বাজারে মাতৃছায়া আধুনিক হাসপাতালের অনুকূলে রায়পুরা ডায়াবেটিস সেন্টার গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নরসিংদী জেলা ডায়াবেটিস হাসপাতালের পরিচালক আলহাজ মোহাম্মদ আলী জিন্নাহ।
