নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রমিক, শ্রমিক নেতাসহ অন্তত ১৫ জন আহত হয়। মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়ায় বন্ধ ঘোষিত রপ্তানিমুখি সোয়েটার কারখানা ফুজি নিটওয়্যার-এর শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ফুজি নিটওয়্যার গত ২৭ আগস্ট বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ শুরু করে মালিক পক্ষ। এতে একেকজন শ্রমিক ন্যূনতম ৫০ হাজার টাকা করে পেয়েছেন। গার্মেন্টসটিতে প্রায় ৯শ’ শ্রমিক কাজ করতো।
ফুজি নিটওয়্যার লিমিটেড এর পরিচালক দেলোয়ার হোসেন জানান, প্রত্যেক শ্রমিককে তাদের আগস্ট মাসের বেতনসহ অতিরিক্ত এক মাসের বেতন, গ্র্যাচুয়িটি, শ্রমিকদের চাকরির মেয়াদে প্রতি বছরের জন্য এক মাসের করে বেতন ও ছুটির টাকা হিসাব করে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়া হচ্ছে। কিন্তু শতাধিক শ্রমিক শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলন শুরু করে। দুপুর ১টায় শ্রমিকদের ঐ অংশ রাস্তায় শুয়ে যান চলাচল বন্ধ করে দিলে পুলিশ তাদের প্রথমে সরানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া- পাল্টা ধাওয়া।
লাঠিচার্জে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোটেক মন্টু ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা অমল আকাশ, গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলনের আহবায়ক দাসসহ ১৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে।
