চাঁদপুর-শরীয়তপুর রুটে বড় দুটি ফেরি বিকল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
চাঁদপুর শরীয়তপুর রুটে চলাচলকারী তিনটি ফেরির মধ্যে বড় দুইটি ফেরি বিকল হয়ে পড়েছে। দুই পাড়ে শ খানেক যাত্রী ও মালবাহী যানবাহন আটকে আছে। শুক্রবার থেকে আটকে পড়া এসব যানবাহনের যাত্রীরা এখন ট্রলারে নদী পার হয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। বিআইডাব্লিউটিসির অফিস সূত্রে জানা যায়, চাঁদপুরের হরিণা ও শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের জন্য তিনটি ফেরি দেয়া হয়। এর মধ্যে বড় দুইটি ফেরি কস্তুরি ও করবী বিকল হয়ে গেছে। শুক্রবার কস্তুরি ফেরিটি বিকল হলে তা মেরামতের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়। আর সোমবার করবী ফেরিটি পারাপারের সময় বিকল হয়ে যায়। নরসিংহপুর থেকে চাঁদপুরে আসা কয়েকজন যাত্রী জানান, তারা সন্ধ্যায় পারাপার হওয়ার সময় ঘাটে পণ্যবাহী গাড়ীসহ অনেক ট্রাক ফেরির জন্য অপেক্ষা করছিল। কাঁচা মালবাহী অনেক গাড়ি বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছে। ছোট একটি ফেরি ‘কিশোরী’ দিয়ে যানবাহন পারাপার চলছে। সেটিতে বড় চারটি ট্রাক উঠলে একবার যাতায়তে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে।