বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী কখন কি বলেন তা বুঝতে আমাদের অসুবিধা হয়। তিনি প্রথমে বলছেন ২৪ অক্টোবর সংসদ ভেঙ্গে যাবে। এখন তিনি বলছেন ২৪ জানুয়ারি পর্যন্ত সংসদ বহাল থাকবে। তার পূর্ব কথার সাথে বর্তমান কথার কোন মিল নাই। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার যে নীল নকশা তৈরি করছে, তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। পৃথিবীর কোথাও সংসদ বহাল রেখে নির্বাচনের নজির নেই। সাধারণত নির্বাচনের পূর্বে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নতুন সংসদ নির্বাচনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যানের কারণ দুইটি, একটি হলো কোন দলীয় সরকারের অধীনে অবাধ সুষুম ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আমরা সেই নির্বাচনে অংশ নিবো না এবং দেশের মানুষ তা হতে দেবে না। দ্বিতীয়টি হলো: সংসদ বহাল রেখে নির্বাচন জাতীয় ও জনস্বার্থ বিরোধী। এখন শুধু দেশে নয় বিশ্ব জনমতও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পক্ষে। যদি সরকার জনগণের এই দাবিকে উপেক্ষা করে একদলীয় নির্বাচনের আয়োজন করে, তাহলে দুর্বার আন্দোলন ছাড়া আমাদের আর কোন পথ থাকবে না।
তিনি গতকাল বিকাল ৬টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরস্থ তার বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
মওদুদ বলেন, অতীতে যে সকল অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে ঠিক একইভাবে এই সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেয়ার মাধ্যমে পতনকে ত্বরান্বিত করা হবে।
