জামায়াতে ইসলামী আজ বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। গতকাল মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা করেন। তিনি বলেন, ভোটার তালিকা আইনের খসড়া অনুমোদনের সিদ্ধান্ত প্রত্যাহার ও অবিলম্বে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় নেতা-কর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
বিবৃতিতে তিনি দলের সকল শাখাকে বিক্ষোভ কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত হচ্ছে সবচেয়ে বড় দল। জামায়াত যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে জন্য শীর্ষ নেতৃবৃন্দকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার জন্য সরকার ভোটার তালিকা আইনের খসড়া অনুমোদন করেছে। সরকারের এ সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকারের প্রত্যাশা পূরণের জন্য ইসি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। বর্তমান নির্বাচন কমিশনকে দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
