বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এখন আর কোন পদ্ধতি নিয়ে আলোচনা করে লাভ নেই। নির্বাচন এখন সময়ের ব্যাপার। দেশবাসী নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে গেছে। স্বাধীন নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনকালীন সময় সর্ব ক্ষেত্রে প্রশাসন নির্বাচন কমিশনের হুকুমেই চলবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সংবিধান সংশোধন হওয়ার পরে তত্ত্ব্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী আগামী জানুয়ারি মাসের ২৪ তারিখের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
মোহাম্মদ নাসিম আরো বলেন, তত্ত্ব্বাবধায়ক সরকারের দাবির প্রতি জনগণের কোন সমর্থন নেই। মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তাই অযথা সময়ক্ষেপণ এবং আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি না করে মানুষের প্রত্যাশা পূরণের জন্য তিনি বিএনপি’কে আগামী নির্বাচনে অংশ গ্রহণের আহবান জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক এমপি, ইসরাফিল আলম এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, ড. আকরাম হোসেন চৌধুরী এমপি, শহিদুজ্জামান সরকার বাবলু এমপি, বেগম শাহিন মনোয়ারা হক এমপি প্রমুখ।
